ঢাকা, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ইন্টারনেটের চাহিদা ও ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে 'তথ্য নিরাপত্তার' প্রয়োজনীয়তাও বাড়ছে। মঙ্গলবার গুলশানের একটি হোটেলে শুরু হওয়া সাইবার অপরাধ ও তথ্য নিরাপত্তা বিষয়ে আয়োজিত সম্মেলনের প্রথম দিনে বক্তারা এ কথা বলেন।
কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম ফর বাংলাদেশ (বিডিসার্ট) আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন বিজনেস প্রমোশন কাউন্সিলের প্রধান গোলাম হোসেন। এতে সহযোগিতায় ছিলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (আইএসপিএবি), বিজনেস প্রমোশন কাউন্সিল অফ বাংলাদেশ (বিপিসি) ও কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম ফর জাপান (জেপিসার্ট)।
আইএসপিএবি এর সভাপতি আব্দুস সালাম বলেন, "ইন্টারনেটের চাহিদা এবং ব্যবহার যত বাড়ছে ততই 'ইনফরমেশন সিকিউরিটি' নিয়ে কাজ করার প্রয়োজনীয়তা বাড়ছে।"
সম্মেলনে আরও আলোচনা করেন জেপিসার্ট কো-অর্ডিনেশন সেন্টারের টেকনিক্যাল অপারেশন ডিরেক্টর ইওরি ইতো ও ব্যবস্থাপক কিউসুকি কামাতা। ইতো সার্টের নানা ধরনের কাজ এবং 'সাইবার ক্রাইম' বিষয়ে আলোচনা করেন। কীভাবে এ ধরণের অপরাধ প্রতিহত করা যায় সে ব্যাপারেও তিনি ব্যাখ্যা করেন।
আগামী ৫ ও ৬ নভেম্বর গুলশানের একই হোটেলে তথ্য নিরাপত্তা বিষয়ে একটি কর্মশালা হবে। কর্মশালায় বিভিন্ন সমস্যা মোকাবেলা, পর্যবেক্ষণ ও প্রতিকার, নেটওয়ার্ক মনিটরিং ও অন্যান্য নিরাপত্তা বিষয়ে বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এসকে/২৩৩৮ঘ.
bdnews24