২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শীর্ষ ৫০' যুদ্ধাপরাধীর তালিকা প্রকাশ

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী হিসেবে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযম, বর্তমান আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানসহ ৫০ জন শীর্ষস্থানীয় 'যুদ্ধাপরাধীর' প্রাথমিক তালিকা প্রকাশ করেছেন স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া সেক্টর কমান্ডাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2008, 05:34 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী হিসেবে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযম, বর্তমান আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানসহ ৫০ জন শীর্ষস্থানীয় 'যুদ্ধাপরাধীর' প্রাথমিক তালিকা প্রকাশ করেছেন স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া সেক্টর কমান্ডাররা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মঙ্গলবার সেক্টর কমান্ডারস ফোরামের প্রতিনিধি সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়। ফোরামের সমন্বয়ক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা শীর্ষ যুদ্ধাপরাধীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছি। স্বাধীনতা ও মানবতাবিরোধী এসব যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে।" প্রতিনিধি সম্মেলনে ফোরামের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ারভাইস মার্শাল এ কে খন্দকার বলেন, "যুদ্ধাপরাধীদের প্রতিহত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতির সামনে বিশাল সুযোগ এনে দিয়েছে। তালিকাভুক্ত যুদ্ধাপরাধীরা যাতে কোনভাবেই নির্বাচনের জন্য মনোনয়ন না পান সেজন্য কাজ করতে হবে। তারা নির্বাচনের জন্য মনোনীত হলেও ব্যালটের মাধ্যমে চিরতরে বিদায় করতে জনসমর্থন গড়ে তুলতে হবে।" অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ বলেন, "ইসির নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে জামায়াতের অযোগ্যতা প্রমাণের জন্য সেক্টর কমান্ডারস ফোরাম প্রস্তুত রয়েছে। জামায়াত যদি নিবন্ধন পায়, তবে নির্বাচনে তাদেরকে ব্যালটের মাধ্যমে পরাজিত করতে হবে।" সংবিধান ও আইনের তোয়াক্কা না করে সরকার জামায়াতকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে অভিযোগ করে প্রতিনিধি সম্মেলনে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী বলেন, "এর মধ্য দিয়ে প্রমাণিত হয় যে, বাংলাদেশের বিরুদ্ধে নীল নক্সা বাস্তবায়নের কাজ চলছে। তবে সামনে যে যুদ্ধ আসছে (নির্বাচন) সেখানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে জয়ী করতে পারলে সব ষড়যন্ত্র নস্যাৎ করা যাবে।" সেক্টর কমান্ডারস ফোরাম প্রকাশিত তালিকার অন্য যুদ্ধাপরাধীরা হলেন- খুলনার মওলানা এ কে এম ইউসুফ, পিরোজপুরের দেলোয়ার হোসাইন সাঈদী, বরিশালের মওলানা আব্দুর রহিম, জামায়াতের সাবেক সিনিয়র নায়েবে আমীর আব্বাস আলী খান, ঢাকার মীরপুরের আব্দুল কাদের মোল্লা, নোয়াখালীর মো. হামিদুল হক চৌধুরী, ঢাকার খাজা খায়রুদ্দিন, সিলেটের মাহামুদ আলী, বগুড়ার মো. আবদুল আলীম, ঢাকার এ এম এস সোলায়মান, চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী, ময়মনসিংহের জুলমত আলী খান, রংপুরের কাজী কাদের, খুলনার খান আবদুস সবুর খান, মওলানা ফরিদ আহমেদ, কুষ্টিয়ার শাহ মো. আজিজুর রহমান, কুমিল্লার মাওলানা আব্দুল মান্নান, মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের গভর্নর ডা. আবু মোতালেব মালেক, সে সময় ছাত্রসংঘের কেন্দ্রীয় কমিটির নেতা মো. ইউনুস, কুমিল্লার এ বি এম খালেক মজুমদার, সিলেটের এ এন এম ইউসুফ, ময়মনসিংহের নুরুল আমিন, কুমিল্লার এ কিউ এম শফিউল ইসলাম, পাবনার আবদুল মতিন, রাজশাহীর অ্যাডভোকেট মো. আইনুদ্দিন, মাওলানা নুরুজ্জামান (আইআরপি)। এ তালিকায় আরও আছেন, পূর্ব পাকিস্তান সরকারের মন্ত্রী মাওলানা মো. ইসহাক, নওয়াজেস আহমেদ, মো. আকতার উদ্দিন আহমেদ, নোয়াখালির গোলাম সরোয়ার, পাবনার মাওলানা আবদুস সোবহান, টাঙ্গাইলের আব্দুল বাছেদ, ময়মনসিংহের আব্দুল মতিন ভূঁইয়া, রংপুরের মো. আবদুল কাশেম, নোয়াখালির ওবায়দুল্লাহ মজুমদার, চট্টগ্রামের মীর কাশেম আলী, বরিশালের ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার, ফরিদপুরের মাওলানা আবুল কালাম আজাদ, ময়মনসিংহের মো. আবদুল হান্নান, পাবনার ব্যারিস্টার কোরবান আলী, জামালপুরের আশরাফ হোসাইন, খুলনার অ্যাডভোকেট আনসার আলী, সিলেটের মো. কায়সার, বগুড়ার আবদুল মজিদ তালুকদার, ও ময়মনসিংহের এ কে মোশাররফ হোসেন। যুদ্ধাপরাধীদের ঠিকানার ক্ষেত্রে মুক্তিযুদ্ধকালীন জেলার বিন্যাস অনুসরণ করা হয়েছে। তালিকায় নাম আসা যুদ্ধাপরাধীদের মধ্যে মাওলানা আব্দুর রহিম, আব্বাস আলী খান, মাওলানা এ কে এম ইউসুফ, হামিদুল হক চৌধুরী, খাজা খয়রুদ্দিন, শাহ আজিজুর রহমান, খান আব্দুস সবুর খান, নুরুল আহমেদ, ডা. আবু মোতালেব মালেক ও মাওলানা আব্দুল মান্নান মারা গেছেন। অবসরপ্রাপ্ত এয়ারভাইস মার্শাল এ কে খন্দকারের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবু ওসমান চৌধুরীসহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠন ও ফোরামের প্রতিনিধিরা বক্তৃতা করেন। শীর্ষস্থানীয় ৫০ যুদ্ধাপরাধীর নাম ঘোষণা করেন সংগঠনের সমন্বয়ক ডা. সারওয়ার আলী। মিডিয়া সেলের সমন্বয়ক হারুন হাবীব সম্মেলনের ঘোষণাপত্র পাঠ করেন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে প্রতিনিধি সম্মেলন শুরু হয়। এরপর স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআরএফ/এসএনডি/এসকে/২৩২৭ঘ.