২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ব্রডব্যান্ড নীতিমালার খসড়া চূড়ান্ত

দেশে তথ্য প্রযুক্তির বিকাশ এবং গ্রামে-গঞ্জে ইন্টারনেট সুবিধা ছড়িয়ে দিতে সরকার জাতীয় ব্রডব্যান্ড নীতিমালার খসড়া চূড়ান্ত করেছে। বিশেষজ্ঞ পর্যায়ের পরামর্শ এবং আন্তঃমন্ত্রণালয় সভায় প্রণীত খসড়াটি মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় পর্যালোচনা করে চূড়ান্ত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2008, 04:32 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে তথ্য প্রযুক্তির বিকাশ এবং গ্রামে-গঞ্জে ইন্টারনেট সুবিধা ছড়িয়ে দিতে সরকার জাতীয় ব্রডব্যান্ড নীতিমালার খসড়া চূড়ান্ত করেছে। বিশেষজ্ঞ পর্যায়ের পরামর্শ এবং আন্তঃমন্ত্রণালয় সভায় প্রণীত খসড়াটি মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় পর্যালোচনা করে চূড়ান্ত করা হয়। নীতিমালার চূড়ান্ত খসড়াটি অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের আগামী সভায় উপস্থাপন করা হবে বলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আসলামউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। এর আগে মঙ্গলবার সকালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কার্যালয়ে এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম এ মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে কম ও ভর্তুকি মূল্যে ইন্টারনেট সংযোগ দান এবং বিভিন্ন নেটওয়ার্ক টাওয়ারের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার বিধান রেখে এ নীতিমালাটির খসড়া চূড়ান্ত হয়েছে।" প্রধান উপদেষ্টার সম্মতি পাওয়ার পর প্রয়োজনে আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে এটি উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানান তিনি। বিশেষ সহকারী এম এ মালেক জানান, গত ২০০৬ সালে জাতীয় ব্রডব্যান্ড নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। এরপর থেকে বিভিন্ন পর্যায়ে বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শ গ্রহণ এবং আন্তঃমন্ত্রণালয় সভা করে একটি খসড়া তৈরি করা হয় যা এর আগে একবার প্রধান উপদেষ্টার বিবেচনার জন্য পাঠানো হয়। প্রধান উপদেষ্টা এতে কিছু সংযোজন ও বিয়োজন করার পরামর্শ দিলে তা করা হয়েছে। চূড়ান্ত খসড়া নীতিমালায় বলা হয়েছে, প্রতি সেকেন্ডে ন্যুনতম ১২৮ কিলোবিট ক্ষমতাসম্পন্ন সংযোগ লাইনকে ব্রডব্যান্ড হিসেবে চিহ্নিত করা হবে। আগামী ২০১৫ সালের মধ্যে দেশের মোট ইন্টারনেট ব্যবহারকারীর ৩০ শতাংশের কাছে এ সংযোগ প্রাপ্তি নিশ্চিত করা হবে। ২০১০ সালের মধ্যে স্বল্পমেয়াদী, ২০১২ সালের মধ্যে মধ্যমেয়াদী এবং ২০১৫ সালের মধ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এ নীতিমালার আওতায় বাংলাদেশে ইন্টারনেট সংযোগ প্রাপ্তি নিশ্চিত এবং এর ব্যবহার বৃদ্ধিতে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এবং বাংলাদেশ রেলওয়ের টাওয়ারগুলোর সর্বোচ্চ ব্যবহার করার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে সাবমেরিন কেবলের আওতায় ফাইবার অপটিক লাইনের পাশাপাশি পিজিসিবি'র সরবরাহ লাইনের ওপর দিয়ে বিকল্প তারের ব্যবস্থা রাখা হবে। এজন্য ইতোমধ্যেই পিজিসিবি'র সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর করা হয়েছে। বিশেষ সহকারী এম এ মালেক আরও জানান, দেশের একমাত্র সাবমেরিন কেবলটি মাঝে মাঝেই কাটা পড়ে দেশের ইন্টারনেট সংযোগ অচল করে দেয় বলে এর বিকল্প হিসেবে বেসরকারি খাতে আরও একটি সাবমেরিন কেবল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, ইতোমধ্যেই বেসরকারি খাতে উদ্যোক্তা খুঁজতে শুরু করা হয়েছে। যথাযথ প্রস্তাব পাওয়া গেলেই তা অনুমোদন দেওয়া হবে। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বিশেষজ্ঞ পর্যায়ের পরামর্শ এবং আন্তঃমন্ত্রণালয় সভায় আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম তামিম, বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী মানিক লাল সমাদ্দার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এমএ মালেক ও সচিব ড. মুহাম্মদ মাহবুবুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও উচ্চপর্যায়ের কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এসকে/২২২০ঘ.