ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দিন পর মঙ্গলবার আখাউড়া স্থল বন্দর দিয়ে পণ্য আসা-যাওয়া পুনরায় শুরু হয়েছে।
১৩ দফা দাবিতে আখাউড়া আমদানি-রপ্তানি অ্যাসোসিয়েশন গত শনিবার থেকে ওই বন্দরে কার্যক্রম বন্ধ করে দেয়। বন্দর কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার থেকে পণ্য আসা-যাওয়া পুনরায় শুরু করা হয় বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল।
তিনি সাংবাদিকদের বলেন, "আমাদের মূল দাবি হচ্ছে, কুমিল্লা-সিলেট মহাসড়কের ধরখার থেকে চেকপোস্ট পর্যন্ত রাস্তাটি সংস্কার করা। কর্তৃপক্ষ সেটিসহ অন্য দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় আজ (মঙ্গলবার) সকাল থেকে বন্দর পণ্য আনা-নেওয়ার কাজ আমরা শুরু করেছি।"
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া বন্দর দিয়ে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় পণ্য আমদানি-রপ্তানি চলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩৩ ঘ.
bdnews24