২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সংহতি দিবস' পালনে কেন নির্দেশ দেওয়া হবে না- জানাতে হাইকোর্টের রুল

৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' পালনে কেন নির্দেশ দেওয়া হবে না- সরকারকে তার কারণ জানাতে বলেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 04:58 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' পালনে কেন নির্দেশ দেওয়া হবে না- সরকারকে তার কারণ জানাতে বলেছে হাইকোর্ট। পাশাপাশি ওই দিনের সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তারও কারণ জানাতে বলেছে আদালত। স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতউল্লাহর করা জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাজমুন আরা সুলতানা ও মো. রেজাউল হকের বেঞ্চ সোমবার সরকারের প্রতি এই রুল জারি করে। সরকারের মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সংস্থাপন সচিব, আইন সচিব, শিক্ষা সচিব ও সংস্থাপন উপ সচিবকে আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। ২০০৭ সালের ৪ ডিসেম্বর সরকার ৭ নভেম্বরের ছুটি বাতিল করে। রিটটির ওপর শুনানিতে অংশ নিয়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, "মুক্তিযুদ্ধের পর ১৯৭৫ সালে দেশ আবার খারাপ অবস্থায় পরে। দেশপ্রেমিক সৈনিক ও জনতা ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর দেশকে রক্ষা করে। প্রতিষ্ঠিত হয় বহুদলীয় গণতন্ত্র। বাক ও চিন্তার স্বাধীনতা ফিরে আসে। তাই দিনটি গুরুত্বপূর্ণ।" সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের আরেকটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ অক্টোবর হাইকোর্টের একই বেঞ্চ ৭ নভেম্বরের সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না- তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এসকে/২২৫৪ঘ.