২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে খেলাপী ঠেকাতে ব্যাংকগুলোকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ঋণ খেলাপীরা যাতে আসন্ন জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনে অংশ নিতে না পারে, সে জন্য ব্যাংকগুলোকে বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার রাষ্ট্রায়ত্ত্ব চার বাণিজ্যিক ব্যাংক সোনালী, রূপালী, অগ্রণী ও জনতার প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করে গভর্নর সালেহউদ্দিন আহমেদ এ নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 04:24 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঋণ খেলাপীরা যাতে আসন্ন জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনে অংশ নিতে না পারে, সে জন্য ব্যাংকগুলোকে বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার রাষ্ট্রায়ত্ত্ব চার বাণিজ্যিক ব্যাংক সোনালী, রূপালী, অগ্রণী ও জনতার প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করে গভর্নর সালেহউদ্দিন আহমেদ এ নির্দেশ দেন। সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী, একজন খেলাপী মনোনয়ন জমা দেওয়ার ১৫ দিন আগে ঋণ পুনঃতফশিল করে নির্বাচনে অংশ নিতে পারবেন। সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গভর্নর বলেন, "ব্যাংকগুলোকে খেলাপী ঋণের হালনাগাদ তথ্য তৈরি রাখতে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বা নির্বাচন কমিশন কোনো ব্যাক্তির খেলাপী ঋণের সর্বশেষ তথ্য চাওয়ার সঙ্গে সঙ্গে যাতে ব্যাংকগুলো সঠিক তথ্য দিতে পারে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।" নির্বাচনে ঋণ খেলাপীদের অংশগ্রহণ ঠেকাতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে সালেহউদ্দিন আহমেদ জানান। একইসঙ্গে গভর্নর বলেন, "শুধু নির্বাচনে অংশগ্রহণকারীদের কাছ থেকে নয়, সামগ্রিকভাবে খেলাপী ঋণের আদায় বাড়াতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।" চার ব্যাংকের বর্তমান কর্মকাণ্ডে কেন্দ্রীয় ব্যাংক পুরোপুরি সন্তষ্ট নয় জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, "অন্যান্য ক্ষেত্রে মোটামুটি ভালো করলেও ব্যাংকগুলো খেলাপী ঋণ আদায়ে সফলতা দেখাতে পারেনি। চার ব্যাংকের শীর্ষ ২০ ঋণ খেলাপীর কাছে থেকে আদায়ের যে লক্ষ্যমাত্রা কেন্দ্রীয় ব্যাংক বেঁধে দিয়েছিল, তা তারা পূরণ করতে পারেনি।" অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বৈঠক প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈঠকে খেলাপী ঋণ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। গভর্নর আদায় জোরদার করতে বলেছেন। একইসঙ্গে খেলাপী ঋণের তথ্য হালনাগাদ রাখতে বলেছেন।" নাসের বখতিয়ার জানান, "আমরা ৩০ অক্টোবর পর্যন্ত খেলাপী ঋণের হালনাগাদ তথ্য তৈরি রাখব।" রাষ্ট্রায়ত্ত ব্যাংক রূপালী এবং পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংককে চলতি বছরের শুরুতে ঋণ আদায় বাড়ানোসহ বিভিন্ন খাতে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা বেঁধে দেয় কেন্দ্রীয় ব্যাংক। ওইসব লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাংকগুলোকে কর্মকৌশলও তৈরি করে দেওয়া হয়। এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চার ব্যাংকের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ছয় মাসে (জানুয়ারি-জুন) ব্যাংকগুলো এই লক্ষ্যমাত্রার কতোটুকু বাস্তবায়ন করেছে তা পর্যালোচনার জন্যই সোমবার বৈঠক ডাকে কেন্দ্রীয় ব্যাংক। গত জুন পর্যন্ত সার্বিক তথ্যের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর যে 'ক্যামেল রেটিং' তৈরি করেছে তাতে সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকের অবস্থান প্রান্তিক (মার্জিনাল)। এই তিন ব্যাংক রেটিংয়ের সর্বনিম্ন ধাপে অবস্থান করছে। একমাত্র জনতা ব্যাংকের অবস্থা 'মোটামুটি ভালো'। সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকের অবস্থা নিয়ে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকে একাধিক বৈঠক হলেও রূপালী ব্যাংক নিয়ে কোনো বৈঠক হয়নি। বিক্রির উদ্যোগ নেওয়ার পর থেকেই এতদিন রূপালী ব্যাংক পড়েছিল অভিভাবকহীন। বিক্রির চূড়ান্ত পর্যায়ে এসে বিষয়টি বাতিল হয়ে যায়। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর রূপালীর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সোমবারই প্রথম বৈঠক হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এই চার ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি খেলাপী ঋণ সোনালী ব্যাংকে। এ ব্যাংকের মোট খেলাপী হওয়া ঋণের পরিমাণ ৮ হাজার ৫৪৭ কোটি টাকা, যা ব্যাংকটির মোট বিতরণ করা ঋণের ৪৪ শতাংশ। এছাড়া অগ্রণী ব্যাংকের খেলাপী হওয়া ঋণের পরিমাণ ২ হাজার ৯৬৫ কোটি টাকা (৩০ শতাংশ); জনতা ব্যাংকের ১ হাজার ৯৬৫ কোটি টাকা (১৬ শতাংশ) এবং রূপালী ব্যাংকের ১ হাজার ৭৮৫ কোটি টাকা (৩৯ শতাংশ)। নির্বাচনের আগে আগে ঋণ খেলাপী প্রার্থীরা তাদের নিজের নামে বা প্রতিষ্ঠানের নামে থাকা ঋণ পুনঃতফসিল (রি-শিডিউল) করে নিয়মিত করে থাকেন। ব্যাংকের সঙ্গে সমঝোতার ভিত্তিতে মোট ঋণের একটি নির্দিষ্ট অংশ পরিশোধ করে ঋণ নিয়মিত করা হয়। সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী, নির্বাচনে প্রার্থী হতে হলে এবার ঋণ নিয়মিতকরণের কাজটি করতে হবে মনোনয়ন জমা দেওয়ার ১৫ দিন আগে। জাতীয় সংসদ নির্বাচনের তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ নভেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএইচসি/জেকে/এসকে/২২১৭ঘ.