চট্টগ্রাম, নভেম্বর ০৩(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---চট্টগ্রামে পৃথক দু'টি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬ জন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কনস্টেবল খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে একটি বাস দুর্ঘটনায় আহত অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি বেলা ১২টার দিকে মারা যান।
কনস্টেবল খোরশেদ জানান, সকাল সাড়ে ৮ টার দিকে পতেঙ্গার বিএফ শাহীন কলেজের কাছে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে সাত জন আহত হয়। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়।
এদের মধ্যে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি বেলা ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
খোরশেদ আরো জানান, অন্য দুর্ঘটনাটি ঘটে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে। একটি সিএনজি অটোরিকশা উল্টে গিয়ে নওরীন (৮) নামের এক শিশু গুরুতর আহত হয়। চমেক হাসপাতালে ভর্তি করার পর সকাল সাড়ে ১১ টায় তার মৃত্যু হয়। নওরীনের পিতার নাম আবুল কালাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/কিউএইচ/এসকে/২১০২ঘ.
bdnews24