ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--অভিযোগ প্রমাণ না করতে পেরে এবার ৩৬ টি মামলায় ৫৪ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ নিয়ে তিন দফায় দুই শতাধিক মামলায় শীর্ষ রাজনীতিকসহ প্রায় সাড়ে তিনশ' ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে ব্যর্থ হল দুদক।
গত ১৬ অক্টোবর আড়াইশ' ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা ১২১ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে কমিশন।
সোমবার কমিশনের নিয়মিত মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল চূড়ান্ত প্রতিবেদন হওয়া ৩৬ টি মামলার একটি তালিকা সাংাবাদিকদের কাছে সরবরাহ করেন।
ওই তালিকায় গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে রয়েছেন জোট সরকারের সাবেক পরিবেশ ও বন মন্ত্রী তরিকুল ইসলাম এবং জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ কাজী নজরুল ইসলাম। অন্যদের মধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন।
হানিফ ইকবাল বলেন,"মূলত প্রমাণের অভাবেই অক্টোবর মাসে ৩৬ টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়ে দিয়েছে কমিশন।"
এর আগে দুদক যাদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছিল তাদের মধ্যে ছিলেন; চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, মতিয়া চৌধুরী, আসাদুল হাবিব দুলু, সালাউদ্দিন আহমেদ, শাহ মো. আবু জাফর, জামায়াত ইসলামীর নেতা মো. আ: সোবহান, ডা. আব্দুল্লাহ মো.তাহেরসহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য।
এছাড়াও আরব বাংলাদেশ ব্যাংকের প্রায় দু'শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেক্সিমকো গ্র"পের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ১০ জনের বিরুদ্ধে দায়ের করা মামলাটিও ছিল ওই তালিকায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/২০৪৭ ঘ.
bdnews24