ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'অর্থ পাচার' মামলায় প্রশিকার চেয়ারম্যান কাজী ফারুক আহমেদ ও তার ছেলে রুবায়েত আহমেদের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার জন্য অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এছাড়া অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব অধ্যাপিকা জাহানারা বেগম এবং ওয়ার্ড কাউন্সিলর নবীউল্লাহ নবীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে।
সোমবার কমিশনের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, " প্রশিকা কম্পিউটার সিস্টেম ট্রাস্টের ১ কোটি ৩ লাখ ৬৭ হাজার টাকা অবৈধভাবে দখলে রেখে তা হস্তান্তর ও রূপান্তরের অভিযোগে দায়ের করা মামলায় কাজী ফারুক ও তার ছেলের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে কমিশন।"
মহাপরিচালক বলেন, "জাহানারা বেগমের বিরুদ্ধে ২ কোটি ৫১ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপনসহ অবৈধভাবে ২ কোটি ৩৪ লাখ ৮০ হাজার টাকার সম্পত্তি অর্জনের অভিযোগ আনা হবে।"
এছাড়া বিএনপি নেতা নবীউল্লাহর বিরুদ্ধে মামলায় ৩৯ লাখ ৪ হাজার ৬৫৩ টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হবে।
চট্টগ্রাম শুল্ক বিভাগের প্রিন্সিপাল অ্যাপ্রেইজার মো. হারুন অর রহমান ও তার স্ত্রী বাবলী রহমানের বিরুদ্ধে ৩২ লাখ ১৭ হাজার ৮১১ টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জনের অভিযোগে আরেকটি মামলা করবে কমিশন।
এছাড়া অর্থ আত্মসাতের অভিযোগে বনানী উপ-ডাকঘরের 'পোস্টাল অপারেটর' আজাহারুল ইসলামসহ ৩ জন এবং মেসার্স জে বি মাল্টি ট্রেডের সত্ত্বাধিকারী মেহরাজ কায়সারসহ তিন জনের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় কমিশন আদালতে অভিযোগপত্র দেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এসকে/২০০৭ঘ.
bdnews24