ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক জোট সরকারের জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর বিরুদ্ধে ট্রাস্ট ব্যাংকের অর্থ পাচারের যে অভিযোগ এনেছেন, কমিশন তা তদন্ত করার এখতিয়ার রাখে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
সোমবার কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল এ তথ্য জানান।
মাহমুদুর রহমান গত ২৭ অক্টোবর হাসান মশহুদের বিরুদ্ধে আনা অভিযোগটি লিখিত আকারে ডাকযাগে কমিশন কার্যালয়ে পাঠান। এ বিষয়ে তিনি মামলা করতে চাইলেও 'আইনি জটিলতার' কথা বলে থানা তা নেয়নি।
হানিফ ইকবাল বলেন, "রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রধানের বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তদন্ত করতে পারে কি না- তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া যে বিষয়ে অভিযোগ এসেছে, তাতে 'অভিযোগ' করার মতো কোনো উপাদান আছে কি না- তাও দেখতে হবে।"
তিনি বলেন, "এতে অভিযোগকারীর কোনো স্বার্থ জড়িত আছে কি না, কিংবা তিনি কমিশনের কাজে সংক্ষুব্ধ কি না- এসব বিষয়ও বিবেচনা করা হচ্ছে।"
এ বিষয়টিতে কমিশন বাড়তি গুরুত্ব দিচ্ছে কি না- এমন প্রশ্নের নেতিবাচক জবাব দিয়ে হানিফ ইকবাল বলেন, "কমিশন অন্য দশটি অভিযোগ যেভাবে দেখে, এই অভিযোগটিও সেভাবেই দেখছে। আলাদাভাবে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না।"
মাহমুদুর রহমানের অভিযোগ, ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় হাসান মশহুদ চৌধুরী বৈদেশিক মুদ্রা লেনদেন খাতে লোকসান দেখিয়ে ব্যাংকের প্রায় ২২ কোটি ৪১ লাখ টাকা বিদেশে পাচার করেছেন। গত ২৫ অক্টোবর এ অভিযোগে মামলা করার চেষ্টা করেও ব্যর্থ হন মাহমুদুর রহমান।
হাসান মশহুদ চৌধুরী পরদিন এ বিষয়ে সংবাদ সম্মেলন করে অর্থ পাচারের অভিযোগ অস্বীকার করেন। মাহমুদুর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
অবশ্য ট্রাস্ট ব্যাংকে 'আর্থিক ক্ষতির' ঘটনার কথা হাসান মশহুদ সংবাদ সম্মেলনে স্বীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এসকে/১৯২৩ঘ.
bdnews24