রংপুর, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃণমূল থেকে উঠে আসা পরীক্ষিত নেতাদের সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সুজন সভাপতি ও টিআইবি চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ।
তিনি বলেন, "পরীক্ষিত নেতাদের মনোয়ন দিলে দুর্নীতিবাজ ও কালোটাকার মালিকরা টাকার জোরে আর মনোয়ন পাবেন না।"
রোববার রাতে রংপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে সুজন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোজাফফর এ কথা বলেন।
নির্বাচন ঘিরে কালোটাকার খেলা এখনও বন্ধ হয়নি উল্লেখ করে তিনি বলেন, "নির্বাচনের তফসিল ঘোষণার আগেই শুধু মনোনয়ন পাওয়ার জন্য কোটি টাকা খরচ করেছেন প্রার্থীরা।"
রোজার ঈদে এলাকায় জাকাত দেওয়ার নামে শাড়ি লুঙ্গি এবং কোরবানীর ঈদে গরু কোরবানীর নামে ভোটারদের মাঝে মাংস বিতরণ নির্বাচনের ব্যয় হিসেবে ধরা হবে কিনা নির্বাচন কমিশনের প্রতি অধ্যাপক মোজাফফর প্রশ্ন রাখেন।
দীর্ঘ দু'বছর অগণতান্ত্রিক সরকারের দেশ শাসন সমর্থনযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, "নির্বাচন করতে দু'বছর সময় লাগে না।"
তারপরও এই সরকার বেশ কিছু ভাল কাজ করেছে বলে মনে করেন ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) এর চেয়ারম্যান।
দুর্নীতিবাজ, ঘুষখোর এবং কালোটাকার মালিকদের ব্যাপারে সচেতন হওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
রংপুর জেলা সুজন এর সাধারণ সম্পাদক আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- রংপুর পৌরসভার মেয়র আব্দুর রউফ মানিক এবং সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি সদরুল আলম দুলু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮২১ ঘ.
bdnews24