ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে রোববার রাতে পাবনা ও বাগেরহাটে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ।
অন্যদিকে পাবনা জেলা বিএনপি ও জামায়াত মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নবম জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
আমাদের পাবনা প্রতিনিধি জানান, নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে পাবনা জেলা আওয়ামী লীগ রাতে আনন্দ মিছিল করে। রাত সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগের মিছিলটি শহর প্রদক্ষিণ করে এবং দলের পক্ষে শ্লোগান দেয়।
পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এম সাইদুল হক চুন্নু বলেন, "এর মধ্যে দিয়ে সকল সংশয় এবং সন্দেহের অবসান হলো। তবে উপজেলা নির্বাচনের তারিখ কমপক্ষে দুই মাস পিছিলে দিলে ভাল হতো।"
পাবনা জেলা বিএনপি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা সংসদ ও উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, "১৮ ডিসেম্বর যে নির্বাচন হচ্ছে তা এখন নিশ্চিত। তবে সরকার বিএনপির জন্য এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করেনি।"
দল অংশ না নিলেও তিনি পাবনা সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান।
সংসদ ও উপজেলা নির্বাচনের তফসিল প্রত্যাখান করে জেলা জামায়াত আমির মাওলানা আব্দুর রহিম বলেন, "নির্বাচনের তফসিল ঘোষণা হলেও নির্বাচন কমিশন এবং সরকার এখনও রাজনৈতিক দল এবং মানুষের মধ্যে আস্থা আনতে পারেনি। মানুষের মধ্যে সন্দেহ এবং সংশয় কাটেনি।"
পাবনার বিভিন্ন উপজেলা থেকেও আওয়ামী লীগের আনন্দ মিছিল করার খবর পাওয়া গেছে।
আমদের বাগেরহাট প্রতিনিধি জানান, জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর জেলা যুবলীগ ও ছাত্রলীগ যৌথভাবে শহরে আনন্দ মিছিল করে।
সংগঠন দুটির প্রায় দেড়শ কর্মী শহরের রেলরোডের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মিছিল করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর জেলা যুবলীগ সভাপতি খান মুজিবর রহমানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবলীগ সদস্য নকীব নজিবুল হক নজু, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সরদার শামীম আহসান, সদর থানা যুবলীগ সভাপতি মনি মল্লিক, জেলা ছাত্রলীগ সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস প্রমুখ।
জেলা যুবলীগ সভাপতি খান মুজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী নির্বাচনকে ঘিরে যে সংশয় তৈরি হয়েছিল রোববার প্রধান নির্বাচন কমিশনারের ভাষণে তা কেটে গেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩০৯ ঘ.
bdnews24