গোপালগঞ্জ, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের রায়পাশা গ্রামের একটি বাড়িতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার রাতের ওই ঘটনায় গৃহকর্তা মনীন্দ্র নাথ দে সদর থানায় মামলা করেছেন। প্রাথমিক তদন্তে হামলা ও লুটপাটের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
মনীন্দ্র নাথ দে (৬৬) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার রাতে গ্রামের অলি মোল্লা ও তার ছেলে শহিদুল মোল্লা আমার হাত-পা বেঁধে মারধর করে আমার ঘরে থাকা ৩০ হাজার লুটে নেয়। আমি টর্চের আলোয় তাদের চিনে ফেলি।"
তিনি বলেন, "হামলা লুটপাট করে চলে যাওয়ার সময় অলি মোল্লা আমার বাড়িতে তার স্যান্ডেল ফেলে যায়। এছাড়া অন্যদের চিনতে পারিনি আমি।"
এ ঘটনায় সদর থানায় করা মামলায় অলি মোল্লা ও শহিদুল মোল্লাসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।
তবে অলি মোল্লা এ অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার বয়স ৬৫ বছর। চশমা ছাড়া দিনেও চলতে পারি না। রাতে ঘর থেকে বাইরে যাই না। আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।"
দলাদলি ও প্রতিহিংসার কারণে তার বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক মুক্তার হোসেন বলেন, "গত ৩১ অক্টোবর শুক্রবার আমি ঘটনার প্রাথমিক তদন্ত করেছি। এতে ঘটনার সত্যতা পাওয়া গেছে।"
কাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম মোল্লা বলেন, "দু'পক্ষের মধ্যে যে সমস্যার সৃষ্টি হয়েছে তা আমরা মিটিয়ে ফেলার উদ্যোগ নিয়েছি।"
কাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য রকিত শেখ, রায়পাশা গ্রামের আব্দুর রাজ্জাক, ইলিয়াস মোল্লা ও ভবেন বিশ্বাস জানান, গত ৩০ অক্টোবর রাতে ৮/১০ জন দুর্বৃত্ত মনীন্দ্র নাথের ঘরে ঢুকে তার হাত-পা বেঁধে মারধর করে এবং নগদ টাকা লুটে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০০৮ ঘ.
bdnews24