২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনী নির্বাচনে হস্তক্ষেপ করবে না: বান কি মুন

জাতিসংঘ মহাসচিব বান কি মুন রোববার বলেছেন, আগামী ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ না করার আশ্বাস দিয়েছে সেনা নেতৃত্ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2008, 01:19 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ মহাসচিব বান কি মুন রোববার বলেছেন, আগামী ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ না করার আশ্বাস দিয়েছে সেনা নেতৃত্ব। রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিদায়ী সংবাদ সম্মেলনে বান কি মুন বলেন, জরুরি অবস্থা প্রত্যাহার বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় বসা উচিত। তবে সরকার আনুষ্ঠানিক অনুরোধ না জানালে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে জাতিসংঘ কোনো সাহায্য করতে পারে না বলে জানিয়েছেন তিনি। মহাসচিব জানান, জাতিসংঘ আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠাবে। বান কি মুন বলেন, "তত্ত্বাবধায়ক সরকার আমাকে আশ্বাস দিয়েছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নির্বাচনী পরিবেশ ও জননিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারেও সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হবে।" সরকারের এই আশ্বাসে 'অনুপ্রাণিত' বোধ করছেন বলে জানান তিনি। জাতিসংঘ মহাসচিব বলেন, "রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না- সেনা নেতৃত্বের কাছে আমি এ ধরনের আশ্বাসই পেয়েছি। আসন্ন নির্বাচন নিয়ে আমাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। তারা আমাকে আবারও আশ্বাস দিয়েছেন, আসন্ন নির্বাচন অবাধ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।" সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদের সঙ্গে এক প্রাতরাশ বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন বান কি-মুন। জেনারেল মইন সকালে সাংবাদিকদের বলেন, "সবার সহযোগিতা পেলে ১৮ ডিসেম্বর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আমরা করতে পারব।" এ নির্বাচনের সঙ্গে সরকার বা নির্বাচন কমিশনের কোনো স্বার্থ জড়িত নেই বলেও মন্তব্য করেন তিনি। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বান কি-মুন বলেন, সেনাবাহিনী প্রধানের সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অংশগ্রহণ ও এ ব্যাপারে বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কোন্নয়নের বিষয়েই মূল আলোচনা হয়েছে। শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, শান্তি মিশনে আরও বেশি সৈন্য পাঠিয়ে বাংলাদেশ এ ক্ষেত্রে আরও বেশি ভূমিকা রাখতে পারে। মহাসচিব বলেন, "নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহার বিষয়ে রাজনৈতিক দলগুলোর দাবির বিষয়ে আমি সচেতন। "বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের সঙ্গে এ নিয়ে আমার আলোচনা হয়েছে। বিষয়টি সমাধানে দু'পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছি আমি। এটা বাংলাদেশের জনগণের নির্বাচন। আমি আশা করবো, সরকার ও রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হবে।" জাতিসংঘ মহাসচিব বিকেলে বিএনপি ও আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন । দুদিনের সফরে শনিবার ঢাকা আসেন বান কি-মুন। রোববার রাত সাড়ে ৯টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে তিনি নিউইয়র্কের পথে রওনা হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/জেকে/এসকে/০০০৭ ঘ.