২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে বেশি বিদ্যুৎ আমদানির পরিকল্পনা নেই: তামিম

ভারত থেকে বেশি পরিমাণ বিদ্যুৎ আমদানি করার পরিকল্পনা বাংলাদেশের নেই। তবে স্বল্প পরিমাণ বিদ্যুৎ আমদানির বিষয়েও ভারতের কাছ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে চিন্তা-ভাবনা শুরু করবে বাংলাদেশ সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2008, 12:11 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে বেশি পরিমাণ বিদ্যুৎ আমদানি করার পরিকল্পনা বাংলাদেশের নেই। তবে স্বল্প পরিমাণ বিদ্যুৎ আমদানির বিষয়েও ভারতের কাছ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে চিন্তা-ভাবনা শুরু করবে বাংলাদেশ সরকার। সফররত ভারতের বাণিজ্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়রাম রমেশ শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, "বাংলাদেশ ভারত থেকে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে পারে।" ভারতীয় মন্ত্রীর এ প্রস্তাবের পর বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারতের কাছ থেকে আমরা মৌখিক প্রস্তাব পেয়েছি। আনুষ্ঠানিক প্রস্তাব পেলেই বিষয়টি বিবেচনা করব।" তিনি বলেন, "আমাদের দেশে বিদ্যুৎ ঘাটতি রয়েছে। এক্ষেত্রে ভারত থেকে বিদ্যুৎ আমদানি একটি ভালো উৎস হতে পারে। তবে প্রথমদিকে অল্প পরিমাণে বিদ্যুৎ আমদানি করা হবে। আপাতত বেশি আমদানির দরকার নেই।" ভারত থেকে আমদানির বিষয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিষয়ে নীতিগত কোনও সমস্যা নেই। তবে বিদ্যুতের মূল্য, আন্তঃসংযোগ, সঞ্চালন সব কিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে, কী পরিমাণ আমদানি করা হতে পারে।" নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, "প্রথম পর্যায়ে ১৫০ থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা যেতে পারে। তবে এক্ষেত্রে লক্ষ রাখতে হবে, ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাংলাদেশের জন্য বাণিজ্যিকভাবে কতটা লাভজনক হয়।" শনিবারের সংবাদ সম্মেলনে ভারতের প্রতিমন্ত্রী জানান, দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ৭৫০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ঘাটতি মোকাবেলায় বাংলাদেশ চাইলে সেখান থেকে বিদ্যুৎ আমদানি করতে পারে। এছাড়া মিয়ানমার, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কায় আগামী ১০ বছরে ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা হাতে নিয়েছে ভারত। এদিকে ভারতীয় কোম্পানি ভেল বাংলাদেশের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ১২০ী২ মেগাওয়াটের দুটি ইউনিট নির্ধারিত সময়ে চালু করতে পারছে না। নভেম্বর মাসে এ দুটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা থাকলেও জানুয়ারি মাস নাগাদ একটি ইউনিট চালু হতে পারে। সিদ্ধিরগঞ্জে একটি গ্যাস টারবাইন এসে পৌঁছেছে। আরেকটি এখনও আসেনি। শনিবার ভারতের বাণিজ্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে নিয়ে অধ্যাপক তামিম সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন। বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজ দ্রুত শেষ করতে নির্মাতা প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হয়েছে বলে বিদ্যুৎ বিভাগের সচিব ড. এম ফাওজুল কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। বিদ্যুৎ বিভাগের হিসাব অনুযায়ী, আগামী ৬ মাসে দেশে ১ হাজার মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। চলতি বছর এ পর্যন্ত ৩৭২ মেগাওয়াট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/১৬০৫ ঘ.