ঢাকা, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস ভাড়া নিয়ে জনমনে সৃষ্ট বিভ্রান্তি কাটাতে রোববার একটি ব্যাখ্যা দিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। এতে জানানো হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং পার্শ্ববর্তী জেলায় চলাচলকারী 'লেকাল' বাসের ভাড়া অপরিবর্তীত রয়েছে।
যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'শুধু ডিজেল চালিত আন্তঃজেলা দূরপাল্লার বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটার প্রতি সাত পয়সা কমানো হয়েছে। কিন্তু ঢাকা মহানগর ও পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর এবং চট্টগ্রাম মহানগরীর পার্শ্ববর্তী জেলায় আঞ্চলিক পরিবহন কমিটির রুট পারমিটধারী সিএনজি চালিত বাস ও মিনিবাসের ভাড়া অপরিবর্তিত রয়েছে।'
মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এ এফ এম আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা মহানগরীতে বর্তমানে অল্প কিছু ডিজেল চালিত বাস চলছে। বাকি সব এরইমধ্যে সিএনজিচালিত বাসে রূপান্তর করা হয়েছে। যেসব বাস এখন ডিজেলে চলে সেগুলোকেও আগামী দুমাসের মধ্যে সিএনজি চালিত বাসে রূপান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এ কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী এবং পাশ্ববর্তী জেলাগুলোয় বাস ভাড়া না কমানোর ব্যাপারে সদ্ধান্ত নিয়েছে সরকার।"
সরকার গত ২৬ অক্টোবর জ্বালানি তেল ও দূরপাল্লার বাসভাড়া কমানোর ঘোষণা দেয়ার পর 'লোকাল' বাসের ভাড়া নিয়েও জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় হয়।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় সরকার অকটেনের দাম লিটার প্রতি ৯০ টাকা থেকে কমিয়ে ৮০ টাকা, পেট্রোল ৮৭ টাকা থেকে কমিয়ে ৭৮ টাকা, ডিজেল ও কেরোসিন ৫৫ টাকা থেকে কমিয়ে ৪৮ টাকা নির্ধারণ করে। ওই দিনই যোগাযোগ মন্ত্রণালয় ডিজেল চালিত আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটার প্রতি ৭ পয়সা কমানোর ঘোষণা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/টিএইচ/জেকে/১৮০৫ ঘ.
bdnews24