কামরান রেজা চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের বিতর্কিত এলাকায় মিয়ানমার তেল ও গ্যাস অনুসন্ধান কাজ শুরু করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ঘটনাস্থলে নৌবাহিনীর জাহাজ পাঠানো হয়েছে।
এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের জলসীমায় মিয়ানমারের নৌযান প্রবেশের কড়া প্রতিবাদ জানিয়েছি আমরা। দেশটির রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে তার কাছে চিঠি হস্তান্তর করা হয়েছে।"
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সেন্ট মার্টিন দ্বীপ থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল দূরে গ্যাস অনুসন্ধানের জন্য কয়েকদিন আগেই কয়েকজন প্রকৌশলীসহ নৌযান ও অনুসন্ধানের যন্ত্রপাতি পাঠায় মিয়ানমার।
দক্ষিণ কোরিয়ার এক কোম্পানিকে এখান থেকে তেল ও গ্যাস অনুসন্ধানের অনুমতি দিয়ে মিয়ানমার একটি চুক্তি করেছে বলেও কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
পররাষ্ট্রসচিব মো. তৌহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশ ও মিয়ানমার উভয় দেশই বঙ্গোপসাগরের ওই এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান চালানোর দাবিদার। তাই এটি একটি বিবাদপূর্ণ এলাকা।"
ঘটনা জানার পর রোববার মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়। তার কাছে ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে চিঠিও হস্তান্তর করা হয়।
পররাষ্ট্র সচিব বলেন, "জলসীমা নিয়ে মীমাংসা না হওয়া পর্যন্ত এখান থেকে সব ধরনের নৌযান ফিরিয়ে নিতে এবং যন্ত্রপাতি সরিয়ে নিতে মিয়ানমার সরকারকে জানানোর জন্য রাষ্ট্রদূতকে বলা হয়েছে।"
নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খবর শুনে নৌবাহিনীর জাহাজ শনিবার ঘটনাস্থলে রওনা হয়। মিয়ানমারের কায়েটি নৌযান তারা দেখতেও পেয়েছেন। তবে রোববার সকালে সেগুলো বাংলাদেশের জলসীমা ছেড়ে যায়।"
তৌহিদ হোসেন আরও বলেন, "প্রতিবেশী দেশগুলোর মধ্যে এ ধরনের বিরোধ থাকতে পারে। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে। তাই আমরা চাই, আলোচনার মধ্য দিয়েই এ সমস্যার সমাধান হোক।"
ঢাকায় বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমা পুনর্নির্ধারণ বিষয়ক আলাচনার নেতৃত্বদানকারী অতিরিক্ত পররাষ্ট্র সচিব এমকে মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিরোধপূর্ণ এলাকায় অনুসন্ধান কাজ না চালানোর জন্য সংশ্লিষ্ট কোম্পানিকে পরামর্শ দিতে দক্ষিণ কোরিয়াকে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হবে।"
পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেন, "অনুসন্ধান কর্মকাণ্ডে জড়িত শ্রমিকদের জাতীয়তা খুঁজে বের করার চেষ্টা করছি আমরা। তাদের পরিচয় পেলে সংশ্লিষ্ট দেশের সরকারকে অনুরোধ করব, এ ধরনের বিপজ্জনক কাজ করার বিষয়ে শ্রমিকদের সতর্ক করে দিতে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/এমআই/১৫১৬ ঘ.
bdnews24