২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএস'র বাতিল ফল বহালের দাবিতে অনশন চলছে

২৭তম বিসিএসের বাতিল হওয়া ফলাফলে নির্বাচিতদের আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে। পাশাপাশি এ জন্য আদালতে যাবেন বলেও আন্দোলনকারীরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2008, 07:59 AM

Updated : 26 Aug 2022, 02:36 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৭তম বিসিএসের বাতিল হওয়া ফলাফলে নির্বাচিতদের আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে। পাশাপাশি এ জন্য আদালতে যাবেন বলেও আন্দোলনকারীরা জানিয়েছেন। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি শুরু হয়। বাতিল ফলাফলে নির্বাচিতদের সঙ্গে তাদের পরিবারের অনেক সদস্যও অনশনে অংশ নিচ্ছেন। রোববার দুপুরে প্রায় ৪০ জনকে অনশনে অংশ নিতে দেখা যায়। প্রথমবারের ফলাফলে নির্বাচিত অনেকেও কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। অনশনকারীরা ২৭তম বিসিএসের প্রথমবারের (বাতিল) ফলাফল পুনর্বহালের পাশাপাশি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. সা'দত হুসাইনের পদত্যাগও দাবি করছেন। দলীয়করণের অভিযোগে ২৭তম বিসিএস পরীক্ষার প্রথমবারের ফলাফল গত বছর বাতিল করা হয়। পরে নতুন করে মৌখিক পরীক্ষা নিয়ে নতুন ফলাফল ঘোষণা করে পিএসসি। গত ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ফল প্রকাশ করা হয়। এতে ৩ হাজার ২৩৯ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি। আগের ফলাফলে নির্বাচিত প্রার্থীরা এর প্রতিবাদ করে আসছে। প্রথম ফলাফলে পুলিশ ক্যাডারে নির্বাচিত মো. মহসিন সিকদার রোববার শহীদ মিনারে সাংবাদিকদের বলেন, "আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে।" তিনি পিএসসির বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, "ড. সা'দত হুসাইনের স্বেচ্ছাচারিতার জন্য আজ সামাজিক ও পারিবারিক জীবনে আমরা চরমভাবে অপমানিত হচ্ছি।" মুক্তিযোদ্ধা কোটায় প্রথমবারে প্রশাসন ক্যাডারে নির্বাচিত আব্দুল্লাহ আল বাতেন বলেন, "প্রথমবারের ফল পুনর্বহালের জন্য আমরা হাইকোর্টে রিট আবেদন করব।" ২০০৫ সালের জুন মাসে ১ হাজার ৭৭৬টি পদে নিয়োগের জন্য আবেদনপত্র চেয়ে ২৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞাপন দেয় পিএসসি। এতে ১ লাখ ৩৮ হাজার ৮৭৮ জন আবেদন করেন। সব পরীক্ষা শেষে ২০০৭ সালের ২১ জানুয়ারি ৩ হাজার ৫৬৬ জনকে মনোনীত করে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। ওই বছর ফেব্র"য়ারি মাসে মনোনীতদের স্বাস্থ্য পরীক্ষা শুরুর কথা থাকলেও দলীয়করণসহ অনিয়মের অভিযোগ ওঠায় সংস্থাপন মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে সরকার তা স্থগিত করে। এরপর ২৭তম বিসিএস এর মৌখিক পরীক্ষার ফলাফল বাতিল করে পিএসসি। মৌখিক পরীক্ষার ফল বাতিলের প্রস্তাব গত বছর ৩০ মে অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। ২০০৭ এর ২৯ জুলাই থেকে নতুন মৌখিক পরীক্ষা শুরু হয়ে চলতি বছরের ১৮ মে তা শেষ হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৬ হাজার ৪১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ১৬৫ জন দ্বিতীয়বারের মৌখিক পরীক্ষায় অংশ নেন। এ নিয়ে আদালতে মামলা চলার পর গত ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ফলাফল প্রকাশ করা হয়। এতে ৩ হাজার ২৩৯ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/১৪০১ ঘ.