ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কামরাঙ্গীচরের হাসনানগরে শনিবার নূরন্নাহার (৩২) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। এর সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তার স্বামীকে আটক করেছে।
কামরাঙ্গীচর থানার উপ পরিদর্শক এস এ জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল ৪টার দিকে নূরন্নাহারের স্বামী মো. আলি থানায় এসে অভিযোগ করেন, শ্যালকরা তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে। এরপর ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।
মাথার পেছনদিকে আঘাতে ওই গৃহবধূ মারা গেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
জলিল জানান, মো. আলির আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
নুরন্নাহারের বড় ভাই বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মো. আলি একটি পোশাকের দোকানে চাকরি করেন। পারিবারিক কোনো বিষয় নিয়ে বিবাদের এক পর্যায়ে তার বোনকে হত্যা করা হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/২১৩৪ ঘ.
bdnews24