ঢাকা, নভেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে অনুত্তীর্ণ প্রার্থী ও তাদের অভিভাবকরা শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেছে। তাদের দাবি, ওই পরীক্ষার প্রথমবারের ফলাফল বহাল রাখতে হবে।
অনশনে অংশ নেয়া মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, "দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব। প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতিকে আমরা বহুবার আমাদের যৌক্তিক ও ন্যায্য দাবি জানিয়েছি, কিন্তু তাতে কাজ হয়নি।"
মাহফুজ জানান, প্রথমবারের ফলাফলে তিনি কাস্টমস ক্যাডারে প্রথম হয়েছিলেন।
দ্বিতীয়বার ফলাফল তৈরির ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
মাহফুজ বলেন, "দ্বিতীয় দফা ফলাফল প্রকাশে সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যানের অস্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ নিয়ে খবর প্রকাশিত হয়েছে। তাই অবিলম্বে প্রথম ফলাফল কার্যকর করতে হবে। প্রথমবারের ফলাফল নিয়ে এমন কোনো তথ্য প্রমাণ করা যায়নি যাতে বলা যায় যে ওই ফলাফল অবৈধ বা অস্বচ্ছ ছিল।"
প্রথম ফলাফলে পুলিশ ক্যাডারে চাকরি পাওয়া আবু হানিফার (দ্বিতীয় ফলাফলে অনুত্তীর্ণ) বাবা সিরাজ মিয়াও অনশনে অংশ নিচ্ছেন । তিনি রাষ্ট্রপতির কাছে প্রথম ফলাফল বহাল রাখার দাবি জানান।
সিরাজ মিয়া সাংবাদিকদের বলেন, "সরকার আমার ছেলে ও পরিবারের প্রতি অবিচার করছে। কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও প্রথমবারের ফলাফল বাতিল করা হয়েছে।"
শনিবার প্রায় শতাধিক অনুত্তীর্ণ পরীক্ষার্থী অনশনে অংশ নেন।
২০০৫ সালের জুন মাসে ১ হাজার ৭৭৬টি পদে নিয়োগের জন্য আবেদনপত্র চেয়ে ২৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞাপন দেয় সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে এক লাখ ৩৮ হাজার ৮৭৮ জন আবেদন করেন। সব পরীক্ষা শেষে ২০০৭ সালের ২১ জানুয়ারি তিন হাজার ৫৬৬ জনকে মনোনীত করে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।
ওই বছর ফেব্র"য়ারি মাসে মনোনীতদের স্বাস্থ্য পরীক্ষা শুরুর কথা থাকলেও দলীয়করণসহ অনিয়মের অভিযোগ ওঠায় সংস্থাপন মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে সরকার তা স্থগিত করে। এরপর ২৭তম বিসিএস এর মৌখিক পরীক্ষার ফলাফল বাতিল করে পিএসসি।
মৌখিক পরীক্ষার ফল বাতিলের প্রস্তাব গত বছর ৩০ মে অনুমোদন করে উপদেষ্টা পরিষদ।
এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। ২০০৭ এর ২৯ জুলাই থেকে নতুন মৌখিক পরীক্ষা শুরু হয়ে চলতি বছরের ১৮ মে শেষ হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৬ হাজার ৪১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ১৬৫ জন দ্বিতীয়বারের মৌখিক পরীক্ষায় অংশ নেন।
এ নিয়ে আদালতে মামলা চলার পর গত ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ফলাফল প্রকাশ করা হয়। এতে ৩ হাজার ২৩৯ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/২১০০ ঘ.
bdnews24