২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথক হলেও স্বাধীন হয়নি বিচার বিভাগ: বিচারপতি মোস্তফা কামাল

সরকারের নির্বাহী বিভাগ থেকে আলাদা হওয়ার পর বিচার বিভাগের এক বছর পূর্ণ হলো শনিবার। কাগজে কলমে নিম্ন আদালতের ওপর নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণের কথা না থাকলেও কার্যত স্বাধীন হয়নি বিচার বিভাগ। সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিষ্টার শফিক আহমেদের সঙ্গে কথা বলে জানাচ্ছেন আইন বিষয়ক সিনিয়র প্রতিবেদক অমিত তালুকদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2008, 02:12 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-সরকারের নির্বাহী বিভাগ থেকে আলাদা হওয়ার পর বিচার বিভাগের এক বছর পূর্ণ হলো শনিবার। কাগজে কলমে নিম্ন আদালতের ওপর নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণের কথা না থাকলেও কার্যত স্বাধীন হয়নি বিচার বিভাগ। সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিষ্টার শফিক আহমেদের সঙ্গে কথা বলে জানাচ্ছেন আইন বিষয়ক সিনিয়র প্রতিবেদক অমিত তালুকদার। পৃথককরণের বিষয়টি ছিল বিচারপ্রার্থী জনগণ, আইনজীবী ও বিচারকদের দীর্ঘদিনের দাবি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উদ্যোগে গত বছর ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে কার্যক্রম শুরু করে বিচার বিভাগ। সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৯৯৯ সালে মাসদার হোসেন মামলার রায় অনুযায়ী নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা হয়েছে, স্বাধীন নয়। বিচার বিভাগকে স্বাধীন করতে নিম্ন আদালতের কর্তৃত্ব রাষ্ট্রপতির হাত থেকে সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত করতে হবে, যা সংবিধান সংশোধন না করলে করা যাবে না।" তিনি বলেন, "নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগে নিয়মিত এজলাসে বসতে পারতেন না, তাদের ওপর অনেক নির্বাহী দায়িত্ব ছিল। সরকারের উপর মহল থেকেও তাদের চাপ ছিল। মামলার বিচার তারা স্বাধীনভাবে করতে পারতেন না। এখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা নিয়মিত মামলার বিচার করে যাচ্ছেন।" বিচারপতি মোস্তফা কামাল বলেন, "নতুন নিয়োগপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা যে টাকা বেতন পান, তাতে দুর্নীতিমুক্ত ফৌজদারি আদালত গড়ে তোলা অসম্ভব। ম্যাজিস্ট্রেট স্বল্পতা দূর করতে পারলে এবং ভাল বিচার ব্যবস্থাপনা প্রয়োগ করতে পারলে আদালতে আর কোনো দুর্নীতি হবে না।" সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিচার বিভাগকে আলাদা করার কাজ এখনও পুরোপুরি সফল হয়নি। বিচারপ্রার্থী জনগণ এখনও এর সুফল পেতে শুরু করেননি।" তিনি বলেন, "জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের জন্য এখনও পর্যাপ্ত আদালত, অবকাঠামো ও জনবল সরবারহ করা হয়নি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা জেলা জজশিপ থেকে আসায় তারা শুরুতে ফৌজদারি বিচার কাজে দক্ষ ছিলেন না। তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ দরকার।" জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির তদারকির জন্য সুপ্রিম কোর্টে একটি স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ব্যারিস্টার শফিক বলেন, "বিচারক নিয়োগের জন্য জুডিশিয়াল সার্ভিস কমিশন থাকলেও এখনও এ ব্যাপারে রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে। আর রাষ্ট্রপতি তো প্রধানমন্ত্রীর পরামর্শেই কাজ করেন। সেখানে রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়টি চলেই আসে। তাই বিচার বিভাগের স্বাধীনতা এখনো আসেনি।" ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর বিচার বিভাগকে আলাদা করার বিষয়টি নতুন মাত্রা পায়। ২০০১ সালের ১৮ জুন আপিল বিভাগ সরকারের 'রিভিউ আবেদন' খারিজ করে দেয়ার পর আইনগতভাবে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা সরকারের জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। এই রায় বাস্তবায়নের জন্য আদালত সরকারকে বারবার তাগিদ দিতে থাকে। কিন্তু রাজনৈতিক সরকারগুলো প্রশাসনিক কর্মকর্তাদের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হওয়ায় তা বাস্তবায়নের সাহস দেখাতে পারেনি। গত বছর ১ নভেম্বর বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে কাজ শুরু করলেও এই পৃথককরণের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। জুডিশিয়াল সার্ভিস কমিশন গত এক বছরে ৬১৬টি শূন্য পদে ৩৯০ জন সহকারি 'জজ' নিয়োগ দিয়েছে। আরও দুই শতাধিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রয়োজন। এসব পদে শিগগিরই ২০৭ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের জন্য কক্ষসহ আদলতের অবকাঠামো চাহিদাও পুরোপুরি পূরণ হয়নি। সর্বশেষ গত ৩০ অক্টোবর সুপ্রিম কোর্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের জন্য যানবাহন ও জনবলের ব্যবস্থা করে ২৭ নভেম্বর আদালতকে অবহিত করতে সরকারকে নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/জিএনএ/২০০৭ ঘ.