২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের দুধ পানে সচেতনতা বাড়াতে গণমাধ্যমের প্রতি আহ্বান

বিকল্প শিশু খাদ্য পরিহার ও মায়ের দুধ পান করানোর উপকারিতার কথা তৃণমূল পর্যায়ে মা ও শিশুপরিচর্যার কাজে জড়িতদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য গণমাধ্যম কর্মীদের এগিয়ে আসার আহবান জানানো হয়েছে একটি অনুষ্ঠান থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2008, 01:48 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, নভেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিকল্প শিশু খাদ্য পরিহার ও মায়ের দুধ পান করানোর উপকারিতার কথা তৃণমূল পর্যায়ে মা ও শিশুপরিচর্যার কাজে জড়িতদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য গণমাধ্যম কর্মীদের এগিয়ে আসার আহবান জানানো হয়েছে একটি অনুষ্ঠান থেকে। শনিবার রাজধানীর আইডিবি ভবনে গণমাধ্যম কর্মীদের জন্য 'পুষ্টিকর খাবার নিশ্চিত কর: শিশুর জীবন রক্ষা কর' শীর্ষক কর্মশালায় এ আহ্বান জানানো হয়। কর্মশালাটির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা এমিনেন্স। এতে সার্বিক সহযোগিতায় ছিল আন্তর্জাতিক সংস্থা সেভ দ্যা চিলড্রেন (ইউকে)। বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের (বিবিএফ) মহাসচিব ডা. সুফিয়া খাতুন বলেন, "বাংলাদেশের ৮০ভাগ শিশু বাড়িতে জন্ম নেয়। সেখানে কোনো দক্ষ সেবিকা বা স্বাস্থ্যকর্মী থাকে না। সাধারণত স্থানীয় দাই বা পরিবারের সদস্যরা প্রসবকালে মায়ের পাশে থাকেন। তৃণমূল পর্যায়ের ওইসব মা ও প্রসব কাজে জড়িতদের মায়ের দুধের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে। গণমাধ্যমের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না।" তিনি বলেন, "শিশু খাদ্য হিসেবে শিশুদের কৌটার গুঁড়ো দুধ খাওয়ানো ঠিক না। এটা জীবাণুমুক্ত নয় বরং শিশুস্বাস্থ্যের জন্য হুমকি। এ ব্যাপারে সচেতনতা বাড়ানোর প্রচারণা চালাতে আর্থিক সাহায্য দরকার। অন্যদিকে দুধ কোম্পানিগুলোর অর্থশক্তি থাকায় তারা এধরনের প্রচারে বাধা তৈরি করে এবং ভুল ধারনা প্রচার করে।" তিনি অভিযোগ করেন, নবজাতকের মা ও পবিবারের সদস্যদের কাছে বিভিন্ন কোম্পানির দুধের প্রচার চালানোর জন্য অনেক স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা ও স্বাস্থ্যকর্মীদের নিয়মিত মাসোহারা দেয় দুধ কোম্পানিগুলো। এ বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরতে হবে। সেন্টার ফর উইমেন অ্যান্ড চাইল্ড হেলথ (সিডব্লিউসিএইচ) এর গবেষণা সমন্বয়ক ডা. খুরশিদ তালুকদার বলেন, জন্ম নেয়ার এক ঘণ্টার মধ্যে শিশুকে মায়ের দুধ খাওয়ানো নিশ্চিত করা গেলে বাংলাদেশে পাঁচ বছরের কম বয়েসী শিশুমৃত্যুর হার ২০ শতাংশ কমে আসবে। তিনি জানান, জন্মের পর থেকে দ'ুবছর পর্যন্ত শিশুকে মা নিয়মিত বুকের দুধ পান করালে মা ও শিশুর স্বাস্থ্যের উন্নতি হয়। মা নিয়মিত শিশুকে দুধ পান করালে মায়েদের স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার ও প্রসবকালীণ রক্তক্ষরণ জনিত সমস্যা অনেক হ্রাস পায়। পাশাপাশি মায়ের গর্ভধারণ রোধেও সহায়ক ভূমিকা রাখে। এছাড়া মায়ের শালদুধ প্রচুর অ্যান্টিবডি সমৃদ্ধ। এ কারণে শালদুধকে শিশুর জন্য প্রথম টিকা হিসেবে বিবেচনা করা হয়। গুঁড়োদুধে মেলামাইনের উপস্থিতির কারণে জনমনে গুঁড়োদুধের নেতিবাচক দিক নিয়ে যে সচেতনতা তৈরি হয়েছে সেটা আরো বাড়ানো ও ধরে রাখার ব্যাপারে গণমাধ্যম কর্মীদের ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা। বিবিএফ এর জরিপের তথ্যানুযায়ী কর্মশালায় জানানো হয়, বাংলাদেশে প্রথম ঘণ্টায় শিশুকে মাতৃদুগদ্ধ পান করানোর হার ৪২ দশমিক ৬ শতাংশ। এক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। প্রথম অবস্থানে আছে নেপাল। সিডব্লিউসিএইচের চেয়ারম্যান অধ্যাপক এমকিউ-কে তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমিনেন্স এর প্রধান নির্বাহী ডা. শামীম হায়দার তালুকদার, ইন্সটিটিউট অফ পাবলিক হেলথ নিউট্রিশনের (আইপিএইচএন) পরিচালক ডা. ফাতিমা পারভিন ও দি এডিটর ডট নেটের সম্পাদক মাসকাওয়াথ আহসান। একদিনের এই কর্মশালায় বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা অংশ নেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/জিএনএ/১৯৪৩ ঘ.