ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু'দিনের সফরে বাংলাদেশে এসেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
ভারত ও নেপাল সফর শেষে শনিবার বিকেল ৫টা ৫৫ মিনিটে জাতিসংঘের একটি বিশেষ বিমানে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, "জাতিসংঘ ও বাংলাদেশ এ সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে।"
তিনি বলেন, "বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশেষ ভূমিকা রাখছে। সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও বাংলাদেশ উন্নতি করেছে। মহাসচিবের এ সফর এই দুটোরই স্বীকৃতি।"
ইফতেখার আহমদ বলেন, "বান কি মুন আমাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন। সামনে নির্বাচন। এ ব্যাপারে জাতিসংঘ আমাদের সহায়তা করবে বলে আশা রাখি।"
বিমানবন্দর থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় জাতিসংঘ মহাসচিবকে সরাসরি সোনারগাঁও হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।
রাতে হোটেলেই পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। পরে প্রধান উপদেষ্টার দেওয়া নৈশভোজে যোগ দিতে হোটেল শেরাটনে যাবেন জাতিসংঘ প্রধান।
সফরের দ্বিতীয় দিন রোববার ব্যস্ত সময় কাটাবেন জাতিসংঘ মহাসচিব। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সিরাজগঞ্জে ইউএনডিপির একটি প্রকল্প এবং বগুড়ায় গ্রামীণ ব্যাংকের একটি কর্মসূচি দেখবেন তিনি। দুপুরের পর রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন বান কি মুন।
গত সপ্তাহে জাতিসংঘ মহাসচিব গিয়েছিলেন দিল্লী। সেখান থেকে যান কাঠমান্ডু। রোববার রাতে এমিরেটসের একটি উড়োজাহাজে নিউ ইয়র্কের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করবেন। তার আগে হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে তার বক্তব্য দেয়ারও কথা রয়েছে।
জাতিসংঘের চতুর্থ মহাসচিব হিসেবে বাংলাদেশ সফরে এলেন বান কি মুন। এর আগে কুর্ট ওয়াল্ডহেইম, হ্যাভিয়ার পেরেজ দ্য কোয়েলার ও কফি আনান বাংলাদেশ সফর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/ডিডি/জেকে/জিএনএ/১৯২১ ঘ.
bdnews24