বরিশাল, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের মুলাদী উপজেলার প্যাদার হাটে শুক্রবার দুপুরে আগুন লেগে বিভিন্ন ধরনের ২৭টি দোকান পুড়ে গেছে। এছাড়া দুটি বসতঘরও পুড়ে গেছে।
হাটের একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে দমকল ও প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।
মুলাদী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. বদরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দুপুর ১টার দিকে জুমার নামাজের উপজেলার কাজিরচর ইউনিয়নের প্যাদার হাটের কোন একটি দোকানে আগুন লাগে।
এলাকার লোকজন কিছু বুঝে ওঠার আগেই আশপাশে ছড়িয়ে পড়ে আগুন। এলাকাবাসী দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে এবং বরিশাল দমকল বাহিনীকে খবর দেয়।
দমকল বিভাগের একটি ইউনিট প্রায় ৩০ মিনিট পর ঘটনাস্থলে পৌছায়। ততক্ষণে স্থানীয়দের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। পরে দমকল কর্মীরা আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে।
ইউএনও জানান, আগুনে হাটের মুদী, মনোহরী, ঔষুধ, মোবাইল ফোন সেটের দোকানসহ বিভিন্ন প্রকারের ২৭টি ব্যবসা প্রতিষ্ঠান, হাটের সরকারি টোলঘর এবং পার্শ্ববর্তী দুটি বসতঘর পুড়ে গেছে।
তিনি বলেন, প্রাথমিক পর্যবেক্ষণে তারা ধারণা করছেন ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮৫ লাখ টাকা।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স-এর কর্মকর্তা আব্দুর রহিম জানান, তারা খবর পেয়েই বরিশাল থেকে রওনা দেন। ফেরি পার হতে না হলে দ্রুত পৌঁছানো যেত।
ওই কর্মকর্তা জানান, তাৎক্ষণিকভাবে স্থানীয় ব্যবসায়ীরা প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩১ ঘ.
bdnews24