২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া তথ্যের কারণে অনেক দলই নিবন্ধন পাবে না

১০৭টি দল আবেদন করলেও এ পর্যন্ত মাত্র ১৩টি রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। সব মিলিয়ে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২৫-৩৫ টি দল নিবন্ধন পেতে পারে বলে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2008, 07:55 AM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ১০৭টি দল আবেদন করলেও এ পর্যন্ত মাত্র ১৩টি রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। সব মিলিয়ে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২৫-৩৫ টি দল নিবন্ধন পেতে পারে বলে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে। অনেক দলই নিবন্ধন পাবে না ভুয়া তথ্য দেওয়ার কারণে। আবেদনকারী বাকি দলগুলো এবার নিবন্ধন পাওয়ার জন্যে বিবেচিত হবে না। ইসি ইতোমধ্যে ৪০টি দলকে নিবন্ধন না দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনপত্র যাচাই-বাছাই কমিটির প্রধান ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব নূরুল ইসলাম খান বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ''নির্বাচন কমিশন ৪০টি দলের আবেদনপত্র বাতিল করেছে। আর ২৫টি দলের বিষয়ে মাঠ পর্যায়ে খোঁজ-খবর নিচ্ছে। এই দলগুলোর অনেকেই আবেদনপত্রে ভুয়া তথ্য দিয়েছে। যাচাই-বাছাইয়ের পর ভূয়া তথ্য প্রদানকারীদের আবেদন বাতিল করা হবে।" সর্বোচ্চ ২৫ থেকে ৩৫টি দল নিবন্ধন পেতে পারে বলে যাচাই-বাছাই কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। ৩০ অক্টোবরের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করার কথা থাকলেও নিবন্ধন শেষ করতে আরও সপ্তাহখানেক সময় লাগতে পারে বলে জানিয়েছে নিবন্ধন ফরম যাচাই বাছাই কমিটি। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ডঃ এ টি এম শামসুল হুদা বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ''নিবন্ধনের ব্যাপারে শেষ তারিখ নেই। আমরা ৩০ অক্টোবরের মধ্যে নিবন্ধনের কাজ শেষ করার টার্গেট করেছিলাম। নির্ধারিত সময়ে কাজটি শেষ হয়নি। তবে প্রধান প্রধান দলগুলো নিবন্ধন পাবে বলে আমরা নিশ্চিত করেছি। নতুন দলগুলোর ক্ষেত্রে ব্যাপকভাবে তথ্য যাচাই করতে হয়েছে। কতগুলো দলকে সরাসরি বাতিল করা হয়েছে।'' পরে নিবন্ধনের ব্যাপারে প্রশ্ন করা হলে সিইসি বলেন, ''আমাদের কিছু করার নেই। যেভাবে আবেদনপত্র জমা পড়েছে সেভাবেই আমরা কাজ করেছি। যারা আগে এসেছে তারা আগে নিবন্ধন পেয়েছে। অনেক দল একদম শেষ দিনে এসেছে। নিবন্ধন প্রক্রিয়াটি চলমান থাকবে। মনোনয়ন বাছাইয়ের আগদিন পর্যন্তও চলতে পারে।'' সামনের সারির দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামীর নিবন্ধন আটকে আছে শনিবার আপত্তির শুনানি পর্যন্ত। পত্রিকায় নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তির জারির পর যুদ্ধাপরাধে জড়িত থাকার প্রসঙ্গ তুলে জামায়াতের বিরুদ্ধে লিখিত আপত্তি জানিয়েছে ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি, সেক্টর কমান্ডারস ফোরাম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ ছয়টি সংগঠন। ইসলামী ঐক্যজোট-এর দলগুলোর (৫টি) মধ্যে জটিলতা দেখা দেওয়ায় তাদের গঠনতন্ত্র সংশোধনের জন্য বলেছে ইসি বাছাই কমিটি। এ দলগুলোর নেতৃত্বদানকারী নেতারা একাধিক দলের প্রধান হওয়ায় এ জটিলতা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। বাছাই কমিটি জানিয়েছে, শিগগিরই ঐক্যজোটের নেতাদের সঙ্গে বসে এ বিষয়টি সুরাহা করা হবে। এদিকে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)'র নামে দুটি গ্র"পের আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার সাড়ে ১১ টায় দু'পক্ষ কে ডাকা হয়েছে। নিবন্ধনের জন্য রাজনৈতিক দলের আবেদন যাচাই-বাছাই কাজ শেষ পর্যায়ে উল্লেখ করে সিইসি জানিয়েছেন, বড় দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া ইতোমধ্যে শেষ পর্যায়ে। ইতোমধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নিবন্ধন সনদ হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি (জাপা), জাতীয় পার্টি (জেপি), বিকল্পধারা বাংলাদেশ (বিডিবি), সাম্যবাদী দল (এমএল), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী লীগ (ন্যাপ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ),বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), কৃষক শ্রমিক জনতা লীগ, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/১৩৪৬ঘ.