ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ী ও টঙ্গী এলাকায় বৃহস্পতিবার দুই বিক্রয় প্রতিনিধিকে গুলি করে ও কুপিয়ে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা নিয়ে গেছে সন্ত্রাসীরা।
দুপুরে মীর হাজিরবাগ এলাকায় ইলিয়াস হোসেন চঞ্চলকে (৩০) গুলি করে ছিনতাইকারীরা দুই লাখ টাকা নিয়ে যায়। আর টঙ্গীর চেরাগ আলী এলাকা থেকে মাহফুজুর রহমানকে (২৭) গুলি করে ও কুপিয়ে সাড়ে তিন লাখ টাকা নিয়ে যায় আরেক দল ছিনতাইকারী।
চঞ্চল মোবাইল কোম্পানি গ্রামীণফোনের স্থানীয় পরিবেশক ফাহিম টেলিকমের এবং মাহফুজ পরিবেশক মোবারক ট্রেডার্সের কর্মচারী।
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ছিনতাইকারীদের ধরার জন্য অভিযানে নেমেছে।
যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক আমিরুল ইসলাম জানান, চঞ্চল বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাওনা টাকা আদায় করে ফিরছিলেন। দুপুর দেড়টার দিকে মীরহাজিরবাগ এলাকায় পৌঁছালে একদল ছিনতাইকারী তার পথরোধ করে চোখে গুল ঘষে দিয়ে হাতের টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। চঞ্চল বাধা দেওয়ার চেষ্টা করলে তার ডান পায়ে তিনটি গুলি করে টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, মাহফুজ দুপুর ১২টার দিকে চেরাগ আলী বাজারে ছিনতাইকারীর কবলে পড়েন। বিভিন্ন দোকান থেকে আদায় করা সাড়ে তিন লাখ টাকা নিয়ে ফেরার সময় ৫/৬ জন ছিনতাইকারী তার পথ আটকে গুলি করে ও কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
মাহফুজের বাম হাঁটুর নিচে গুলি লেগেছে এবং ডান হাতে ছুরির আঘাতে জখম হয়েছে।
এ ঘটনায় টঙ্গী থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এসকে/২১৩০ঘ.
bdnews24