ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--হাইকোর্ট বিভাগের দশ বিচারপতি নিয়োগের জন্য সুপ্রিম জুডিশিয়াল কমিশন বৃহস্পতিবার দ্বিতীয় বৈঠক করেছে। তবে বৈঠকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী রোববার কমিশন তৃতীয় বৈঠকে বসবে।
প্রধান বিচারপতি এমএম রুহুল আমিনের সভাপতিত্বে কমিশনের সদস্যরা বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত প্রধান বিচারপতির খাস কামরায় বৈঠক করেন। কমিশন একজন সদস্য বিচারপতি মো. আবদুল কুদ্দুস বৈঠকে অনুপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কমিশন সদস্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্ট বিভাগে দশ জন বিচারপতি নিয়োগ দেওয়া হবে। নিয়োগের নীতি নির্ধারণ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তবে নীতির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।"
ব্যারিস্টার শফিক জানান, আইন উপদেষ্টার একটি খসড়া নীতিমালা দেওয়ার কথা থাকলেও তিনি এদিন তা দেননি। তিনি বলেন, " বিচারপতি নিয়োগে কোনো প্যানেল এখনও হয়নি। বিষয়টি এখনও আলোচনার মধ্যে সীমিত রয়েছে। আগামী রোববার দুপুর দেড়টায় এ নিয়ে কমিশন আবার বৈঠকে বসবে।"
ব্যারিস্টার শফিক বলেন, "বিচারপতি নিয়োগের জন্য আইনজীবী, বিচারপতি ও আইন মন্ত্রণালয় থেকে নাম আসবে। দশজন বিচারক নিয়োগের জন্য দ্বিগুণ নাম প্রস্তাব করা হবে। আপিল বিভাগে দুই বিচারপতি নিয়োগের জন্য চার জনের নাম পাঠানো হয়েছে।"
২৭ হাজার টাকার বেতন এক লাখ টাকায় না উন্নীত না করলে দক্ষ, যোগ্য ও অভিজ্ঞ বিচারপতি পাওয়া যাবে না মন্তব্য করে ব্যারিস্টার শফিক বলেন, "বিচারপতিদের বেতন বাড়ানো উচিত। পার্শ্ববর্তী দেশগুলোতে তাদের বেতন এক লাখ টাকার মতো।"
গত ১৬ অক্টোবর আপিল বিভাগে দুইজন বিচারপতি নিয়োগের জন্য হাইকোর্ট বিভাগের চার জ্যেষ্ঠ বিচারপতির নাম প্রস্তাব করে সুপ্রিম জুডিশিয়াল কমিশন। এই চার বিচারপতির মধ্য থেকে রাষ্ট্রপতি দুইজনকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেবেন। তবে এখনও এই নিয়োগ দেওয়া হয়নি।
অতীতে প্রধান বিচারপতির সুপারিশে ও প্রধানমন্ত্রীর পরামর্শে বিচারপতি নিয়োগ দিতেন রাষ্ট্রপতি। বিচারপতি নিয়োগে অনিয়ম দূর করতে বর্তমান তত্ত্ববধায়ক সরকার ক্ষমতায় এসে সুপ্রিম জুডিশিয়াল কমিশন গঠন করে।
প্রধান বিচারপতি ছাড়া এ কমিশনের অন্য সদস্যরা হলেন, আইন উপদেষ্টা এএফ হাসান আরিফ, আপিল বিভাগের তিন জ্যেষ্ঠ বিচারক বিচারপতি মো. ফজলুল করিম, বিচারপতি তাফাজ্জল ইসলাম ও বিচারপতি জয়নুল আবেদীন, হাইকোর্টের দুই জ্যেষ্ঠ বিচারক বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি মো. আব্দুল কুদ্দুস, অ্যাটর্নি জেনারেল সালাহউদ্দিন আহম্মেদ ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/এসকে/২০৪৯ঘ.
bdnews24