ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে সাবেক এক সেনা সদস্যের বৃহস্পতিবার মৃত্যুদণ্ড হয়েছে।
ঢাকার এক নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. মিজানুর রহমান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডিত মো. গোলাম সারোয়ার ওরফে রিপনের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম চরাদী গ্রামে। তাকে দুই হাজার টাকা জরিমানাও করেন বিচারক।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরেক আসমি রিপনের কথিত প্রেমিকা সুমি আক্তারকে খালাস দেওয়া হয়। রিপন কারাগারে আটক আছেন।
মামলার অভিযোগে বলা হয়, রিপন ১৯৯৩ সালে বরিশালের কোতয়ালি থানার মাকছুদা আক্তার সোনিয়াকে বিয়ে করার পর ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। যৌতুক না দেওয়ায় ২০০৩ সালের ১৭ জানুয়ারি সাভার সেনানিবাসের কোয়ার্টারে রিপন স্ত্রী সোনিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন।
পরে সোনিয়ার লাশ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এসকে/১৯৫১ঘ.
bdnews24