২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা মানসিক হাসপাতাল ক্যাম্পের আনসার সদস্যের কাণ্ড

পাবনা মানসিক হাসপাতালের আনসার ক্যাম্পে দায়িত্বরত এক আনসার সদস্য বৃহস্পতিবার সকালে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে ক্যাম্প ও আশপাশের মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2008, 11:18 AM

Updated : 26 Aug 2022, 02:35 PM

পাবনা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনা মানসিক হাসপাতালের আনসার ক্যাম্পে দায়িত্বরত এক আনসার সদস্য বৃহস্পতিবার সকালে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে ক্যাম্প ও আশপাশের মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। পরে তাকে গ্রেপ্তার করা হয়। এ আনসার সদস্যের নাম আব্দুল সালাম (২৫)। তিনি পাবনার চাটমোহর উপজেলার ঘাষিখোলা গ্রামের মোকসেদ আলীর ছেলে। পাবনা জেলা আনসার ও ভিডিপি অ্যাডজুট্যান্ট মো. ইব্রাহিম হোসেন ভুঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সালাম মানসিক সমস্যায় ভুগছেন বলে আমরা ধারণা করছি।" পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল শফী জানান, সকাল সাড়ে ৬টার দিকে আনসার সদস্য সালাম তার রাইফেল দিয়ে হঠাৎ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এ সময় ক্যাম্পের ঘুমন্ত আনসার সদস্য এবং আশপাশের মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। এ অবস্থায় আনসার সদস্যরা তাকে নিরস্ত্র করার চেষ্টা করলে সালাম আরও ক্ষিপ্ত হয়ে উঠেন এবং ক্যাম্পের কলাপসিবল গেট লাগিয়ে দেন। ক্যাম্পের আনসার সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, 'কেউ এগিয়ে আসলে গুলি করা হবে'- এ কথা বলতে বলতে সালাম আরও তিন রাউন্ড ফাঁকা গুলি করেন। প্রায় দেড় ঘণ্টা পর সকাল ৮টার দিকে পুলিশ ক্যাম্পে গিয়ে সালামকে নিরস্ত্র করে। বর্তমানে তাকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৬ ঘ.