২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ সীমান্তে বিএসএফ'র গুলিতে বাংলাদেশি নিহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্তে বৃহস্পতিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ'র গুলিতে এক বাংলাদেশি মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2008, 09:05 AM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঝিনাইদহ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্তে বৃহস্পতিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ'র গুলিতে এক বাংলাদেশি মারা গেছেন। নিহত ব্যক্তি হলেন- মহেশপুর উপজেলার লড়াইঘাট গ্রামের রবিউল ইসলামের ছেলে জামালউদ্দিন (৩০)। বাংলাদেশ রাইফেলস-বিডিআর'র চুয়াডাঙ্গা ব্যাটেলিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সুলতান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোর পাঁচটার দিকে তিনজন গরু ব্যাবসয়ী গরু নিয়ে বাংলাদেশে ফিরছিলেন। সীমান্তের ৬০ নম্বর পিলারের কাছে ভারতের তিনশ' গজ ভিতরে থাকতে নদীয়া জেলার ফতেপুর ক্যাম্পের টহলরত বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।" তিনি জানান, গুলিতে জামালউদ্দিন ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গী বদু ও আব্দুর রহিম পালিয়ে যেতে সক্ষম হয়। নিহতের লাশ বিএসএফ নিয়ে গেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলে বিডিআর কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৪৫৯ ঘ.