২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাকিমদের গাড়ি ও জনবল সংক্রান্ত আদেশ বাস্তবায়নের নির্দেশ

বিচার বিভাগীয় হাকিমদের গাড়ি ও জনবলের ব্যবস্থা করে ২৭ নভেম্বর আদালতকে জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2008, 08:12 AM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার বিভাগীয় হাকিমদের গাড়ি ও জনবলের ব্যবস্থা করে ২৭ নভেম্বর আদালতকে জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এমএম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বৃহস্পতিবার এ নির্দেশ দেয়। এ বিষয়ে বিচার বিভাগ আলাদা করা নিয়ে মাসদার হোসেন মামলার বাদি পক্ষের কৌঁসুলি ব্যারিস্টার আমীর উল ইসলাম বৃহস্পতিবার শুনানিতে আদালতে বলেন, "জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের জন্য গাড়ি, জনবল ও অবকাঠামোর জন্য সুপ্রিম কোর্ট অনেক আগেই নির্দেশ দিয়েছে। কিন্তু নানা অজুহাতে এই নির্দেশ বাস্তবায়নে সরকারের বিলম্ব করাটা দুর্ভাগ্যজনক।" তিনি আরও বলেন, "আপিল বিভাগের আদেশের পর এ নিয়ে সরকারের কোনও চিঠি চালাচালির প্রশ্ন ওঠে না। মন্ত্রণালয়ের সভা করে সিদ্ধান্ত নেওয়া ও তা একনেকে পাঠানোর প্রশ্ন আছে বলেও মনে হয় না।" সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিব যানবাহন ও জনবল বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপ একটি হলফনামার মাধ্যমে আদালতে উপস্থাপন করে বলেন, "এ বিষয়ে অগ্রগতি হচ্ছে।" ২০০৭ সালের ১২ ডিসেম্বর সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় হাকিমদের জন্য আনুষঙ্গিক কর্মচারী ও যানবাহনসহ যাবতীয় বিষয়ে আইন, পূর্ত ও সংস্থাপন মন্ত্রণালয়কে ২৮ অক্টোবরের জনবল কাঠামো সংক্রান্ত সর্বশেষ চিঠির ভিত্তিতে ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছিল। পরে এ নির্দেশনা বাস্তবায়নে আদালত সরকারকে বেশ কয়েকবার তাগিদ দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশে সরকার গত ১ নভেম্বর বিচার বিভাগ পৃথককরণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। ওইদিন থেকে নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে বিচার বিভাগ কাজ শুরু করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এমআই/১৪০৭ ঘ.