২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেলামাইনযুক্ত গুঁড়োদুধ ধরতে অভিযান চলবে : আইজিপি

আদালতের নির্দেশ অনুযায়ী মেলামাইন যুক্ত আটটি ব্র্যান্ডের গুঁড়োদুধ দোকানে বিক্রি ও প্রদর্শন বন্ধে অভিযান চালাচ্ছে পুলিশ ও র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2008, 03:59 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের নির্দেশ অনুযায়ী মেলামাইন যুক্ত আটটি ব্র্যান্ডের গুঁড়োদুধ দোকানে বিক্রি ও প্রদর্শন বন্ধে অভিযান চালাচ্ছে পুলিশ ও র‌্যাব। এ ব্যাপারে স্থায়ী কোনো সমাধান না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। তবে বিক্রি নিষিদ্ধ দুধের মজুদদারদের বিরুদ্ধে আপাতত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এসব জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সবধরণের দুধ ও দুগ্ধজাত পণ্য বিপণনের ক্ষেত্রে যথাযথ মান নিয়ন্ত্রণ ও তদারকির জন্য জেলা পর্যায়ে পাঁচ সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। বুধবার পুলিশ সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজিপি নূর মোহাম্মদ বলেন, "মেলামাইনযুক্ত আটটি ব্র্যান্ডের গুঁড়োদুধ বিক্রি ও প্রদর্শন বন্ধে হাইকোর্টের নির্দেশের পর থেকে সারা দেশে অভিযান চালানো হচ্ছে। অভিযানে যেসব বিক্রেতাকে আদালতের নির্দেশ অমান্য করে দুধ বিক্রি ও প্রদর্শন করতে দেখা গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব দোকান থেকে দুধ জব্দ করার পাশাপাশি জরিমানাও করা হচ্ছে।" মজুদকারীদের বাদ দিয়ে শুধু খুচরা দোকানে অভিযান চালানোর ব্যাপারে নূর মোহাম্মদ বলেন, "মজুদকারীদের খুঁজে পেতে সময় প্রয়োজন। বর্তমানে অভিযানের প্রাথমিক পর্যায় চলছে। এছাড়া আদালতের নির্দেশে স্পষ্ট করে 'বিক্রি এবং প্রদর্শন' বন্ধের কথা বলা রয়েছে। মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে এখনো কোনো নির্দেশ দেওয়া হয়নি। নির্দেশ পাওয়ার পর পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।" আইজিপি জানান, কয়েকটি গুঁড়োদুধ আমদানিকারক কোম্পানির প্রতিনিধি তার সঙ্গে দেখা করে জানিয়েছেন, তারা তাদের মজুদকৃত গুঁড়োদুধগুলোর গুদামে তালা মেরে সিলগালা করে রেখেছেন। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সেগুলো ওভাবেই রাখা হবে। এ প্রসঙ্গে র‌্যাব মহাপরিচালক খন্দকার হাসান মাহমুদ বলেন, "কারও কাছে মজুদ থাকতে পারে। তবে বেআইনী হবে তখনই যখন কেউ বিক্রি ও প্রদর্শনের উদ্দেশ্যে মজুদ করবে।" আদালত অবমাননা মামলার পর অভিযান শুরু হওয়া সম্পর্কিত এক প্রশ্নের জবাবে নূর মোহাম্মদ বলেন, "মামলার পর নয়, বরং হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর থেকেই অভিযান শুরু করা হয়।" এ সম্পর্কে গণমাধ্যম অনেক পরে সংবাদ প্রকাশ করে বলে মন্তব্য করেন তিনি। আইজিপি জানান, অভিযানে সবচেয়ে বেশি গুঁড়োদুধ জব্দ করা হয়েছে বরিশাল থেকে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ ৪৮৬৬ কেজি গুঁড়োদুধ জব্দ করেছে। এগুলো সংশ্লিষ্ট গুদামে সিলগালা করে রাখা হয়েছে। এছাড়া ঢাকা মেট্রোপলিটন এলাকা ও ঢাকা জেলাসহ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও মানিকগঞ্জে সব মিলিয়ে ৫৮৩৫ কেজি দুধ উদ্ধার করা হয়েছে। ভ্রাম্যমান আদালত এজন্য সাড়ে চার লাখ টাকার জরিমানা আদায় করেছে। তিনি বলেন, "পরে আদালত যদি রায় দেয় গুঁড়োদুধগুলো ঠিক আছে তখন জব্দকৃত গুঁড়োদুধ মালিকদের ফেরত দেওয়া হবে।" গত ২৭ অক্টোবর বিষাক্ত মেলামাইনযুক্ত গুঁড়োদুধ বিক্রি বন্ধে 'কার্যকর' ভূমিকা না নেওয়ায় সরকারের তিন সচিব ও পুলিশের মহা পরিদর্শকের বিরুদ্ধে হাইকোর্টে একটি আদালত অবমাননা মামলা করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস্ অ্যান্ড পিস ফর বাংলাদেশ। এদিকে বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, পাঁচ সদস্যের আঞ্চলিক পর্যবেক্ষণ কমিটির সভাপতি হবেন জেলা প্রশাসক এবং সদস্য সচিব হবেন সিভিল সার্জন। কমিটির অন্য সদস্যরা হবেন পুলিশ সুপার, জেলা তথ্য কর্মকর্তা ও পৌরসভা মেয়রের প্রতিনিধি। মেট্রোপলিটন এলাকায় পুলিশ সুপারের বদলে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের প্রতিনিধি এবং পৌরসভা মেয়রের বদলে সিটি করপোরেশনের মেয়রের প্রতিনিধি কমিটির সদস্য হবেন। পর্যবেক্ষণ কমিটি গুঁড়োদুধ, তরল দুধ ও দুগ্ধজাত পণ্য বিপণনের ক্ষেত্রে যথাযথ মান নিয়ন্ত্রণ ও তদারকি নিশ্চিত করবে। এছাড়া এ বিষয়ে সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান কার্যকরভাবে প্রয়োগ নিশ্চিত ও তা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। বুধবার একই মন্ত্রণালয়ের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুঁড়োদুধ বাজারজাতকরণের সংশ্লিষ্ট আইনকে আরও সময়োপযোগী করার জন্য পুনর্বিবেচনা (রিভিউ) করা হচ্ছে। অন্যদিকে হাইকোর্টের নিষেধাজ্ঞার পরও বুধবার চট্টগ্রাম নগরীর বিভিন্ন দোকানে রাখা বিক্রি ও প্রদর্শন নিষিদ্ধ আট ব্র্যান্ডের গুঁড়াদুধ আটক করেছে ভ্রাম্যমান আদালত ও পুলিশ। ভ্রাম্যমান আদালত কাজীর দেউড়ি ও জিইসি মোড়ের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৪৩ কৌটা ডানো ও নিডো ব্র্যান্ডের গুঁড়োদুধ জব্দ করেন। অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ নিডো ব্র্যান্ডের দুধ রাখায় কাজীর দেউড়ী বাজারের 'মা জেনারেল স্টোরকে' পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। আরেক অভিযানে আগ্রাবাদের কর্র্ণফুলী মার্কেটের বিভিন্ন দোকান থেকে ডানো, ডিপ্লোমা ও নিডো ব্র্যান্ডের ২০ কেজি গুঁড়োদুধ জব্দ করা হয়। এছাড়া চট্টগ্রাম মহানগর গোয়েন্দা শাখা ও থানাপুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৫৩৩ প্যাকেট গুঁড়োদুধ আটক করে। গত ২৩ অক্টোবর মেলামাইনযুক্ত আটটি ব্র্যান্ডের গুঁড়োদুধের প্রদর্শন ও বিক্রি বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে নির্দেশ দেয় হাইকোর্ট। ব্র্যান্ডগুলো হচ্ছে- ডিপ্লোমা, রেডকাউ, ডানো ফুলক্রিম, ইয়াশলি- ১, ইয়াশলি- ২, সুইট বেবি- ২, নিডো ফর্টিফাইড ইন্সট্যান্ট ও অ্যানলিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/আরএইচএন/আরএআর/টিএইচ/এসকে/২১৫৩ঘ.