ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুকম্পা চাওয়ার সময় আরো ১৫ দিন বাড়িয়েছে 'ট্রুথ কমিশন' নামে পরিচিত সত্য ও জবাবদিহিতা কমিশন।
কমিশন এখন ৩১ অক্টোবর পরিবর্তে ১৫ নভেম্বর পর্যন্ত এ ব্যাপারে আবেদন গ্রহণ করবে।
এদিকে, কমিশনে প্রথমবারের মতো একজন রাজনীতিবিদ অনুকম্পা চাইতে আবেদন করেছেন। তবে তার নাম প্রকাশ করা হয়নি।
কমিশন চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান বুধবার নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে বলেন, "কমিশনের মেয়াদ বাড়ানোর বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এর আগে অনুকম্পার আবেদন গ্রহণের মেয়াদ বাড়ানোর ফলে ব্যাপক সাড়া পাওয়া গেছে। বিষয়টি বিবেচনা করে ১৫ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।"
তিনি বলেন, প্রথমবারের মতো কমিশনে একজন রাজনীতিবিদ অনুকম্পা চাইতে আবেদন করেছেন। তার আবেদন আদালতের মাধ্যমে এসেছে।
কমিশনের কাছ থেকে মার্জনাপ্রাপ্তরা আর দুর্নীতি না করতে 'সৃষ্টিকর্তার নামে কসম কেটেছেন' জানিয়ে বিচারপতি হাবিবুর রহমান খান বলেন, "তাদের স্ত্রীরা কমিশনে এসে কান্নাকাটি করে বলেছেন- আমরা শাড়ি, গহনা চেয়েছি বলেই স্বামী দুর্নীতি করেছেন। এখন থেকে আর আমরা এগুলো চাইব না।"
কমিশন সদস্য আসিফ আলি জানান, কমিশনের কাজের মাধ্যমে এ পর্যন্ত ২২ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার আদেশ হয়েছে।
ট্রুথ কমিশনে সরকারি কর্মকর্তারাই বেশি আসছেন জানিয়ে আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঞ্জুর রশিদ খান বলেন, "অনুকম্পা চাইতে আসা বিটিসিএল এর চার কর্মকর্তা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাদের মাধ্যমে দুর্নীতির সঙ্গে জড়িত শীর্ষ পর্যায়ের যে ১৭ জন কর্মকর্তার নাম জানা গেছে তাদের মধ্যে তিনজন বক্তব্য দিয়ে গেছেন। বাকিরা আগামী সপ্তাহে বক্তব্য দেবেন।"
ব্রিফিংয়ে কমিশন চেয়ারম্যান আশা প্রকাশ করেন, মেয়াদ শেষে কমিশন সরকারের কাছে যে প্রতিবেদন দেবে পরে ক্ষমতায় আসা সরকারের জন্যও সেটি সহায়ক হবে। পাশাপাশি জনগণের স্বার্থে প্রতিবেদনটি প্রকাশ করা হবে।
ট্রুথ কমিশনে বুধবার পর্যন্ত ৩৩০টি আবেদন জমা পড়েছে। তার মধ্যে ব্যবসায়ী আছেন ২৪ জন, সরকারি কর্মচারী ২৬৪ জন, তাদের স্ত্রী ৩১ জন ও অন্যান্য ১১ জন।
এ ৩৩০ জনের মধ্যে স্বেচ্ছায় এসেছেন ১৯ জন, দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে এসেছেন ১৪১ জন, গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির মাধ্যমে এসেছেন ১৬৭ জন এবং আদালতের মাধ্যমে এসেছেন তিনজন।
ব্রিফিংয়ে জানানো হয়, এ পর্যন্ত ২১৩ জনের শুনানি শেষ হয়েছে। কমিশন এ পর্যন্ত ৫২টি মার্জনাপত্র দিয়েছে। ২২ কোটি ৮৭ লাখ ৬৭ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার আদেশের মধ্যে ১০ কোটি ৯৩ লাখ টাকা জমা পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এসকে/২০৩৩ঘ.
bdnews24