ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টার অভিযোগে সাবেক উপমন্ত্রী বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু ও হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানসহ ২২ আসামির বিরুদ্ধে বুধবার অভিযোগ গঠন করা হয়েছে।
এ সংক্রান্ত দুটি মামলায় এর আগে ১৩ বার অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করা হলেও বিভিন্ন কারণে তা বারবার পিছিয়ে যায়।
হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা দুটি মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামী ৫ নভেম্বর।
বুধবার দুপুরে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মো. মাসদার হোসেন আসামিদের অভিযুক্ত করে এই তারিখ ধার্য করেন।
এর আগে আদালতে উপস্থিত ১৪ আসামি অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করেন। বাকি আট জন পলাতক রয়েছেন।
সকাল পৌনে ১১ টার দিকে এ দুটি মামলায় গ্রেপ্তার ১৩ আসামিকে দেশের বিভিন্ন কারাগার থেকে আদালতে আনা হয়।
এরা হলেন- সাবেক চারদলীয় জোট সরকারের শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদ প্রধান মুফতি আবদুল হান্নান, তার ভাই মহিবুল্লাহ ওরফে অভি, আরিফ হাসান ওরফে সুমন, শরীফ সাহেদুল আলম বিপুল, উজ্জ্বল হোসেন ওরফে রতন, হাফেজ আবু তাহের, রফিকুল ইসলাম গাজী, আবুল কালাম আজাদ, মাওলানা আবু সাঈদ, জাহাঙ্গীর আলম, হোসাইন আহম্মেদ ওরফে তামীম ও মুফতি মঈনুদ্দিন শেখ ওরফে আবু জান্দাল।
জামিনে থাকা শাহাদাৎ উল্লাহ জুয়েলও আদালতে হাজিরা দেন।
আসামি পক্ষের আইনজীবীরা মক্কেলদের অব্যাহতি চেয়ে আদালতের কাছে আবেদন করেন।
পিন্টুর পক্ষে এস এম সাজাহান বলেন, "কেবল মুফতি হান্নানের স্বীকারোক্তির ভিত্তিতেই আবদুস সালাম পিন্টুকে এ দুই মামলায় জড়ানো হয়েছে।"
এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান ও এম সাজাওয়ার হোসেন বলেন, "স্বীকারোক্তিমূলক জবানবন্দীর ওপর ভিত্তি করে ঘটনার পারিপার্শ্বিকতার ইঙ্গিতে অভিযোগ গঠন করা যায়।"
শুনানি শেষে বিচারক অব্যাহতি চেয়ে করা আসামিপক্ষের সব আবেদন নাকচ করে দিয়ে দুই মামলায় ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
বিচারক আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানোর পর বিপুল বলেন, "আমার কোনো আইনজীবী নেই। বৃদ্ধ বাবা- মা আমার খোঁজ নিতে আদালতে আসতে ভয় পাচ্ছেন।"
এ কথা বলে তিনি কেঁদে ফেললে বিচারক তার পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগের প্রতিশ্র"তি দেন।
হত্যা মামলায় অভিযোগে বিচারক আসামিদের বলেন, "আপনারা পারস্পরিক পরিকল্পনা অনুযায়ী, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির সভায় গ্রেনেড হামলা চালান। এভাবে তিনিসহ শতাধিক ব্যক্তিকে আহত এবং কমপক্ষে ১৬ জনকে হত্যা করেন।
"এই কর্মকাণ্ডের মাধ্যমে আপনারা দণ্ডবিধির ৩২৪, ৩২৬, ৩০৭, ১২০ (খ), ৩০২, ৩৪ ধারায় অপরাধ করেছেন।
"আসামি মুফতি আব্দুল হান্নান মুন্সী ওরফে আবুল কালাম ওরফে আব্দুল মান্নান ও তাহার সহযোগীগণ তাদের পরিকল্পনা আপনি, মো. আব্দুস সালাম পিন্টুর কাছে প্রকাশ করলে আপনি তা অনুমোদন করে তৎকালীন মন্ত্রী হিসাবে তাদের আর্থিক ও প্রশাসনিক সহায়তার আশ্বাস দেন। এভাবে আপনি ওই হামলা ও হত্যাকাণ্ড পরিচালনায় সহযোগিতা ও উস্কানি দিয়েছেন।"
বিচারক পিন্টুর বিরুদ্ধে আঘাত, গুরুতর জখম, হত্যা প্রচেষ্টা, হত্যা প্রচেষ্টায় সহায়তা এবং অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনেন।
একইভাবে মুফতি হান্নানসহ বাকি আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক রাখা, বিস্ফোরণ ঘটানো ও অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়। এ মামলায় পিন্টুর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় অপরাধে সহায়তার কারণে।
বিস্ফোরক আইনের মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
দুপুর সাড়ে ১২টায় অভিযোগ গঠনের মৌখিক আদেশের পর আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হলেও আব্দুস সালাম পিন্টু বিচারকের লিখিত আদেশ নিজের কানে শুনবেন বলে এজলাসে বসে থাকেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। বিচারক বিকেল ৫টায় লিখিত আদেশ দেন।
এছাড়া জামিনে থাকা শাহাদাৎ উল্লাহ জুয়েলকে রমনা বটমূলের বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য একই আদালতে আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক আবু হেনা।
হত্যা ও বিস্ফোরক আইনের মামলা দুটিতে পলাতক ৮ আসামি হলেন- আব্দুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন, মোরসালীন ওরফে সুজয়, মহিবুল মুত্তাকীন ওরফে শাহীন, খলিলুর রহমান খলিল, জাহাঙ্গীর আলম ওরফে জাহাঙ্গীর বদর, মো. ইকবাল, মাওলানা আবু বক্কর ও মাওলানা মো. লিটন ওরফে জোবায়ের ওরফে দেলোয়ার।
দুই ভাই মুরসালীন ও মুত্তাকীন ২০০৬ সালের ২৬ ফেব্র"য়ারি দিল্লী পুলিশের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হন। বর্তমানে তারা তিহারের কারাগারে রয়েছেন।
গ্রেনেড হামলার ওই ঘটনায় মতিঝিল থানায় উপ পরিদর্শক শরীফ ফারুক আহমেদ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে গত ১১ জুন সিআইডির সহকারী পুলিশ সুপার ফজলুল কবির হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি অভিযোগপত্র দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এসকে/২০২৬ঘ.
bdnews24