২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীর গ্রেপ্তারি পরোয়ানার ওপর শুনানি ৩ নভেম্বর

খনি দুর্নীতি মামলায় জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের ওপর শুনানি হবে আগামী ৩ নভেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2008, 12:40 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খনি দুর্নীতি মামলায় জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের ওপর শুনানি হবে আগামী ৩ নভেম্বর। বুধবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-২ এর বিচারক এ কে রায় রাষ্ট্রপক্ষের আইনজীবীর করা আবেদন শুনানির এ দিন ধার্য করেন। এছাড়াও এ মামলায় জামিন চেয়ে সাবেক মন্ত্রী সাইফুর রহমানের করা আবেদন ও গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করতে আরেক জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আবেদনের ওপরও ওই দিন শুনানির দিন ধার্য করেছে আদালত। গত ২২ অক্টোবর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল আদালতে আবেদন জানিয়ে বলেন,"এ মামলার আসামি জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী জামিন নেননি। সুতরাং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হোক।" একই সঙ্গে তিনি খালেদা জিয়া ছাড়া অন্য আসামিদের বিরুদ্ধে বিচারকাজ চালাতেও আবেদন জানান। ওই দিন বিচারক বলেছিলেন, উচ্চ আদালতের আদেশের অনুলিপি না দেখে তিনি কোন সিদ্ধান্ত দিতে পারবেন না। উচ্চ আদালতের নথি দেখার পর বুধবার বিচারক এ কে রায় সবার আবেদনের ওপর আগামী ৩ নভেম্বর শুনানির কথা ঘোষণা করেন। গত ১৬ অক্টোবর দায়ের করা এ মামলার খালেদা জিয়ার অংশের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ এ স্থগিতাদেশ দেন। গত ২৬ ফেব্র"য়ারি খালেদা জিয়া ও সাবেক ১০ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুর্নীতি দমন কমিশন এ মামলা দায়ের করে । ৫ অক্টোবর ১৬ জনকে আসামি করে দুদকের উপ পরিচালক আবুুল কাশেম ফকির ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বলা হয়, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৮৩৪ঘ.