ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রচলিত আইন অনুযায়ী সরকার নিয়ন্ত্রিত 'বাংলাদেশ টেলিভিশন' ছাড়া অন্য কোনো টেলিভিশনের টেরেস্ট্রিয়াল মাধ্যমে সমপ্রচারের বিধান নেই বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার প্রধান বিচারপতি এমএম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ টেরেস্ট্রিয়াল সমপ্রচার সংক্রান্ত যমুনা টেলিভিশনের একটি আবেদন খারিজ করে দিয়ে এ রায় দেন।
টেরেস্ট্রিয়াল পদ্ধতিতে সমপ্রচারিত টিভিতে সাধারণ অ্যান্টেনা দিয়েই অনুষ্ঠান দেখা সম্ভব। এর আগে এক বছরের মধ্যে যমুনা টেলিভিশনকে টেরেস্ট্রিয়াল মাধ্যমসহ সমপ্রচারের অনুমতি দিতে বলে সরকারকে আদেশ দিয়েছিল হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে সরকারের আপিলও পাঁচ বছর পর ২০০৭ সালে খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট।
এরপর যমুনা টিভি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) কাছে টেরেস্ট্রিয়াল সমপ্রচারের জন্য ফ্রিকোয়েন্সি বরাদ্দের আবেদন করে। বিটিআরসি সম্প্রতি সে আবেদন খারিজ করে দেয়।
এর পরিপ্রেক্ষিতে যমুনা টিভি টেরেস্ট্রিয়াল সমপ্রচার সংক্রান্ত আদালতের রায়ের বাখ্যা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে।
শুনানিতে যমুনা টিভির পক্ষে ব্যারিস্টার রফিকুল হক বলেন, যমুনা টিভিকে টেরেস্ট্রিয়াল মাধ্যমসহ সমপ্রচারের নির্দেশ দিয়ে হাইকোর্টে রায় দিয়েছিল। আপিল বিভাগও সে রায় বহাল রেখেছে। কিন্তু তারপরও যমুনা টিভিকে টেরেস্ট্রিয়াল সমপ্রচারের অনুমতি দেয়নি বিটিআরসি।
সরকার পক্ষে অ্যাডভোকেট টিএইচ খান বলেন, ২০০১ সালের টেলিযোগাযোগ আইনে বাংলাদেশ টেলিভিশন ছাড়া অন্য কোনো টেলিভিশনকে টেরেস্ট্রিয়াল সমপ্রচার না করতে দেওয়ার বিধান রাখা হয়েছে। আইনের ওই বিধান অনুযায়ীই বিটিআরসি যমুনা টিভিকে টেরেস্ট্রিয়াল সমপ্রচারের অনুমতি দেয়নি।
শুনানি শেষে আদালত রায়ের অভিমতে বলেছে, বিদ্যমান আইন অনুযায়ী বাংলাদেশ টেলিভিশন ছাড়া অন্য কারো টেরেস্ট্রিয়াল সমপ্রচারের বিধান নেই। এই আইন সরকার সংশোধন করলেই কেবল যমুনা টিভি এ মাধ্যমে সমপ্রচারের আবেদন অগ্রাধিকার পেতে পারে।
বর্তমানের স্যাটেলাইট চ্যানেল 'একুশে টিভি' বাংলাদেশে একসময় বিটিভির বাইরে প্রথম টেরেস্ট্রিয়াল চ্যানেল হিসাবে আত্মপ্রকাশ করেছিল।
কিন্তু আইনী জটিলতায় জড়িয়ে চ্যানেলটি বিটিভির দ্বিতীয় টেরেস্ট্রিয়াল চ্যানেলটি ব্যবহারের সুযোগ হারায়। আইন ছাড়াও এর পেছনে তৎকালীন বিএনপি সরকারের রাজনৈতিক বিবেচনা কাজ করেছে বলে সমালোচকদের অনেকে অভিযোগ করে থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/ডিডি/এসকে/২৩৩৫ ঘ.
bdnews24