ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সচিবালয় নির্দেশমালা যথাযথভাবে বাস্তবায়ন করতে সকল মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছে জনপ্রশাসন সংস্কার ও সুশাসন সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
এছাড়া উপদেষ্টা ও সচিবদের কাছে যাতে সব কাজেরই ফাইল যেতে না হয় তা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্ধারিত ক্ষমতা যথাযথভাবে বাস্তবায়ন করতে বলা হয়েছে।
বুধবার বিকালে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনপ্রশাসন সংস্কার ও সুশাসন সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক শেষে কমিটির সদস্য ও খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা এ এম এম শওকত আলী এ সব সিদ্ধান্তের কথা জানান।
বুধবার রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শওকত আলী বলেন, "আজকের বৈঠকে মন্ত্রণালয় ও বিভাগসমূহের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ সঠিকভাবে অনুসরণের বিষয়ে পর্যালোচনা ও সুপারিশ প্রণয়নে গঠিত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে।"
তিনি আরও বলেন, " মন্ত্রণালয় ও বিভাগের সার্বিক কার্যক্রম 'নিবিড় পর্যবেক্ষণ' করে সংশ্লিষ্ট যুগ্নসচিবরা প্রতিবেদন তৈরি করে নিয়মিতভাবে তার সচিবের কাছে জমা দেবেন। আর এ প্রতিবেদনের ওপর ভিত্তি করে সচিব প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।"
গত ৬ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহিদ হোসেনের নেতৃত্বে মন্ত্রণালয় ও বিভাগসমূহের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ সঠিকভাবে অনুসরণের বিষয়ে পর্যালোচনা ও সুপারিশ প্রণয়নে সরকার একটি কমিটি গঠন করে। চলতি মাসের ১৬ তারিখে কমিটি তাদের প্রতিবেদন মন্ত্রিপরিষদ সচিবের কাছে জমা দেয়।
প্রশাসনিক ও আর্থিক ক্ষমতায়নের সুপারিশ করা ছাড়াও প্রতিবেদনে মন্ত্রণালয় অথবা কেন্দ্রীয়ভাবে একটি তদারকি কমিটি করার সুপারিশ করা হয়। এতে বলা হয় সচিবের নেতৃত্বে মন্ত্রণালয় ভিত্তিক কমিটি এবং উপদেষ্টা অথবা মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটি করা যেতে পারে। একইসঙ্গে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংক্রান্ত নীতিমালা তৈরির পরামর্শ দেওয়া হয়েছিল।
এ প্রসঙ্গে খাদ্য উপদেষ্টা বলেন, " তদারকির জন্য পৃথক কোন কমিটির প্রয়োজন নেই। যুগ্ম সচিব হচ্ছেন এক একটি মন্ত্রণালয় বা বিভাগের 'উইং' প্রধান। সুতরাং তাদের 'নিবিড় পর্যবেক্ষণ' রিপোর্টের ওপর ভিত্তি করেই সংশ্লিষ্ট সচিব প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন।"
জাহিদ কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে প্রশাসনের অনেক ক্ষেত্রেই বিশেষ ক্ষমতা থাকলেও ক্ষমতা না থাকায় অনেক ছোট-খাটো বিষয়ে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে যেতে হচ্ছে। প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে এসব কাজ যাওয়ায় তারা নীতি-নির্ধারণী কাজে মনোযোগ দিতে পারছেন না।
তাই অতিরিক্ত সচিব থেকে সহকারী সচিব পর্যন্ত কর্মকর্তাদের মধ্যে অনেক বিষয়ে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দেওয়া হলে এক্ষেত্রে সর্বোচ্চ কর্মকর্তার জড়িত হওয়ার প্রয়োজন হবে না বলে মন্তব্য করা হয় প্রতিবেদনে।
প্রতিবেদনের এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে শওকত আলী বলেন, " এ সব পদক্ষেপ নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে উপদেষ্টা বা সচিবকে রুটিন ওয়ার্ক থেকে যতদুর সম্ভব ফ্রি রাখা। যাতে তারা নীতি-নির্ধারণী কাজে বেশি মনোযোগ দিতে পারেন।"
এসব বিষয় যথাযথভাবে বাস্তবায়িত হলে প্রশাসন আরো গতিশীল ও কার্যকর হবে বলে মন্তব্য করেন খাদ্য উপদেষ্টা।
সচিবালয় নির্দেশিকা অনুযায়ী সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে বিভিন্ন নথি ছাড় করার বিষয়ে বৈঠকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। কোন কারণে ৭২ ঘন্টার বেশি সময় লাগলে সংশ্লিষ্ট কর্মকর্তা বিলম্বের কারণ সুনির্দিষ্টভাবে তার সচিবকে জানাবেন বলেও সিদ্ধান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এডি/এসকে/২২৫১ঘ.
bdnews24