চাঁদপুর, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুর শহর ও হাইমচর উপজেলার বিভিন্ন দোকান থেকে মঙ্গলবার বিক্রিনিষিদ্ধ গুড়ো দুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দোকানগুলোকে জরিমানা করা হয়েছে।
সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন দোকানে এবং বিকেলে হাইমচরে এ অভিযান চালানো হয়।
সন্ধ্যায় শহরের জেএম সেনগুপ্ত রোডের মালঞ্চ স্টোর থেকে ইয়াশলি- ১ ও ইয়াশলি- ২ ব্র্যান্ডের এক কেজি ওজনের ১২টি, শাহাদাত স্টোর থেকে একই ব্র্যান্ডের চার কৌটা।
এছাড়া রাত ৯টা পর্যন্ত অভিযানে শহরের চিত্রলেখা এলাকার হাবিব স্টোর থেকে ১৩ প্যাকেট, নতুন বাজারের শাহজাহান স্টোর থেকে ১৮ প্যাকেট, হাজী মহসিন রোডের মকবুল স্টোর থেকে ১০ প্যাকেট এবং হকার্স মার্কেট এলাকার অনন্যা স্টোর থেকে এক প্যাকেট বিক্রি নিষিদ্ধ দুধ জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে নিডোসহ আরও কয়েকটি ব্র্যান্ড।
এর আগে বিকেলে হাইমচর উপজেলার মেসার্স পাটওয়ারী স্টোরের গুদাম থেকে দুটি ব্র্যান্ডের ২৭ প্যাকেট গুঁড়ো দুধ জব্দ করা হয়। এর মধ্যে নিডো ব্র্যান্ডের চারশ' গ্রাম ওজনের ১৫টি এবং ডানোর একই ওজনের ১২টি প্যাকেট ছিল।
জব্দ দুধ নষ্ট করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় শহরের দুটি দোকানে অভিযান চালিয়ে ইয়াশলি ব্র্যান্ডের ১৬ কৌটা গুঁড়ো দুধ জব্দ করা হয়েছে।
বিক্রিনিষিদ্ধ দুধ রাখার দায়ে মালঞ্চ স্টোরকে পাঁচ হাজার এবং শাহাদাত স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।
হাইমচরের ইউএনও মো. শাওগাতুল আলম বলেন, বিকেলে আলগী বাজারের মেসার্স পাটওয়ারী স্টোরে অভিযান চালানো হয়। এ সময় ওই দোকানের গুদাম থেকে ২৭ প্যাকেট বিক্রি নিষিদ্ধ গুঁড়ো দুধ জব্দ করা হয়।
তবে এ দোকানকে জরিমানা করা হয়নি বলে তিনি জানান।
ইউএনও জানান, উপজেলার বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, ওষুধের দোকান, জুয়েলারি, স্টেশনারি, চায়ের দোকান, প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারেও অভিযান চালানো হয়। তবে ওইসব দোকান ও প্রতিষ্ঠানকে যথাযথ কর্মী না রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশের ব্যাপারে শুধু সতর্ক করে দেওয়া হয়েছে।
এসব দোকানের মধ্যে কেবল 'পেনাসিয়া ডায়াগনোস্টিক সেন্টার'কে কারণ দর্শানো নোটিশ পাঠানোর জন্য স্যানিটারি ইন্সপেক্টর দেব প্রসাদ মিত্রকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
ইয়াশলি, নিডো, ডানোসহ আটটি ব্র্যান্ডের গুঁড়ো দুধ বিক্রি ও প্রদর্শন বন্ধ করতে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/এসএনডি/২২৫০ ঘ.
bdnews24