২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ ব্যবস্থাপনা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পক্ষে হাসান আরিফ

হজযাত্রীদের সৌদি আরবে নিয়ে যাওয়া ও ফিরিয়ে আনার দায়িত্ব পুরোপুরি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পক্ষে মত দিয়েছেন ধর্ম উপদেষ্টা এ এফ হাসান আরিফ। বিষয়টিতে সরকারকে কেবল তদারককারির ভূমিকায় দেখতে চান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2008, 04:11 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজযাত্রীদের সৌদি আরবে নিয়ে যাওয়া ও ফিরিয়ে আনার দায়িত্ব পুরোপুরি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পক্ষে মত দিয়েছেন ধর্ম উপদেষ্টা এ এফ হাসান আরিফ। বিষয়টিতে সরকারকে কেবল তদারককারির ভূমিকায় দেখতে চান তিনি। মঙ্গলবার বিকেলে রাজধানীর আশকোনায় হজ্জ্ব ক্যাম্প- ২০০৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, "এখন খুব অল্প হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব যাচ্ছেন। আস্তে আস্তে এ বিষয়টি পুরোপুরি বেসরকারি পর্যায়ে চলে যাবে।" তিনি বলেন, "আমার নিজস্ব মত হচ্ছে, হজযাত্রীদের আনা-নেওয়ার বিষয়টি পুরোপুরি বেসরকারি পর্যায়ে ছেড়ে দেওয়া উচিত। সরকার শুধু সার্বিক তত্ত্বাবধান করবে। হজযাত্রীদের আনা-নেওয়ার দায়িত্বে না থাকলে সরকার বিভিন্ন সমস্যা সমাধানে আরো মনোযোগী হতে পারবে।" এ বছর ৪৮ হাজার ৮৭৬ জন হজে যাচ্ছেন বলে অনুষ্ঠানে জানানো হয়। এরমধ্যে সরকারিভাবে যাবেন ৭ হাজার ৪৬৪ জন। উপদেষ্টা জানান, এ বছর হজযাত্রীদের জন্য সৌদি আরবে বাড়ি পেতে সমস্যা হলেও শেষ পর্যন্ত তা পাওয়া গেছে। এছাড়া যাত্রীদের পরিবহনে উড়োজাহাজেরও কোনো সঙ্কট নেই। সোমবার থেকে ক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা। সরকারি ব্যবস্থাপনায় যাওয়া যাত্রীদের নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি ঢাকা ছাড়বে শুক্রবার বিকেলে। অনুষ্ঠানে হজ কর্মকর্তা বজলুল হক বিশ্বাস জানান, এবার প্রতি ৫০ জন হজযাত্রীর সঙ্গে একজন করে গাইড থাকবে। বিমান ভাড়া কমানোর দাবি এদিকে, হজযাত্রীদের জন্য বিমান ভাড়া কমানোর দাবি জানিয়ে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ ফারুক অনুষ্ঠানে বলেন, "হজের জন্য বিমান ভাড়া নির্ধারণের পর জেট ফুয়েলের দাম অনেক কমেছে। তাই যাত্রীপ্রতি ভাড়া কমপক্ষে দ'ুশ ডলার করে কমানো উচিত।" এবার কর ও সারচার্জ ছাড়া বিমানে হজযাত্রীদের দ্বিমুখী ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৩৫০ ডলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসএনডি/এসকে/২২০৪ঘ.