চট্টগ্রাম, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর মাদারবাড়ি এলাকায় রেলওয়ের প্রায় ৩০ শতক জায়গা মঙ্গলবার উদ্ধার করেছে কর্তৃপক্ষ। প্রায় ৩৭ বছর ধরে এ জায়গায় দোকান ও ঘর তৈরি করে ব্যবসা করছিল বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।
রেলওয়ের বিভাগীয় এস্টেট অফিসার শংকর রঞ্জন সাহা অভিযানে নেতৃত্ব দেন। মহানগর ও রেলওয়ে পুলিশ এতে সহায়তা করে।
সকাল থেকে প্রায় তিন ঘণ্টা ধরে চলা অভিযানে মাদারবাড়ি এলাকায় ২০টি দোকান ও ঘর উচ্ছেদ করা হয়।
শংকর রঞ্জন সাহা সাংবাদিকদের জানান, স্বাধীনতার পর থেকে কোনো লিজ বা খাজনা ছাড়াই এ জায়গায় দোকানগুলো তৈরি করা হয়েছিল। বারবার নোটিশ দেওয়ার পরও দখলদাররা জায়গা ছেড়ে দেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/২০০০ঘ.
bdnews24