২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় জেএমবির দুই সদস্যের ১০ বছর সাজা

বগুড়ায় বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবি'র দুই সদস্যকে ১০বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2008, 12:11 PM

Updated : 26 Apr 2022, 01:40 PM

বগুড়া, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ায় বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবি'র দুই সদস্যকে ১০বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বগুড়ার বিশেষ আদালতের (তৃতীয়) বিচারক মো. গোলাম আহম্মেদ খলিলুর রহমান এ রায় দেন। দণ্ডিতরা হলেন- আশরাফুল ইসলাম (২২) এবং তার সহযোগী আবু তাহের (২২)। আশরাফুল নীলফামারী জেলার সুখধন গ্রামের আব্দুল্লা খান সালামের ছেলে। তিনি বগুড়ার শেরপুর উপজেলা জেএমবির কমান্ডার ছিলেন। আবু তাহের বগুড়ার শাহজাহানপুর উপজেলার ফকিরপাড়া বামুনিয়া গ্রামের আফসারের ছেলে। ২০০৬ সালের ১৯ জানুয়ারি রাজশাহী আলিয়া মাদ্রাসার দাখিল শ্রেণীর ছাত্র আশরাফুল ইসলামকে রাজশাহী থেকে গ্রেপ্তার করে র‌্যাব। তার স্বীকারোক্তি অনুযায়ী ওই বছর ২১ জানুয়ারি তার সহযোগী আবু তাহেরের শ্বশুর বাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলার খিয়ারপাড়ার একটি বাঁশঝাড়ের কাছ থেকে ৩১৮টি জিহাদি বই এবং বেশ কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। বিস্ফোরক দ্রব্যের মধ্যে ছিল- তিনটি প্লাস্টিক কন্টেইনার ভর্তি পিউরিক এসিড, সাত কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, ২২০ গ্রাম গান পাউডার, চার কেজি অ্যালুমিনিয়াম পাউডার ১২টি ইলেকট্রনিক ডেটোনেটর, দেশি তৈরি নন-ইলেকট্রিক ডেটোনেটর ৯৯টি এবং এক কেজি লিড নাইট্রেট। এ ঘটনার পর দিন ২২জানুয়ারি শাহজাহানপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। ওই বছর ৩১ মার্চ পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু বক্কর সাংবাদিকদের বলেন, "রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০০ ঘ.