২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যেকোন মূল্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে সরকার: মতিন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় জরুরি অবস্থা শিথিল করা হলেও কোন অবস্থাতেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2008, 06:54 AM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় জরুরি অবস্থা শিথিল করা হলেও কোন অবস্থাতেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন। মঙ্গলবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে বিজয় দিবস উৎযাপন সংক্রান্ত আন্ত মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, "জরুরি অবস্থা শিথিল করার সুযোগে সন্ত্রাসীরা মাথাচাড়া দিতে শুরু করলে তাদের কঠোর হাতে দমন করা হবে। কারণ সন্ত্রাসী সন্ত্রাসীই। কোনভাবেই তাদের প্রশ্রয় দেওয়া হবেনা।" নির্বাচনের সময় জরুরি অবস্থা তুলে নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, "এটি সরকারের সিদ্ধান্তের বিষয়। এ ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে। তবে যতটুকু জানি, জরুরি অবস্থা শিথিল করা হতে পারে।" বিজয় দিবস এবং জাতীয় নির্বাচন কাছাকছি সময়ে হওয়ায় সেসময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোন সম্ভাবনা রয়েছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন,"আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যেমন রয়েছে তেমনই থাকবে। অবনতি হবার কোন সম্ভাবনা নেই।" জরুরি অবস্থা শিথিল করা হলে নির্বাচন এ কোন প্রভাব পড়বে কিনা- সাংবাদিকদের এমন পশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "আশা করছি, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুচারুভাবেই সম্পন্ন হবে।" বিজয় দিবস উদযাপন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্যান্য বছরের মতো এবারও বিজয় দিবস উদযাপনে সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। যথাযথ মর্যাদার সঙ্গেই দিবসটি পালন করা হবে। বিজয় দিবসের দিন সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও সন্ধ্যার পরে আলোকসজ্জা, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশুকিশোর সমাবেশ এবং জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতীয় কুচকাওয়াজ অনুষ্ঠানের বিষয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উপদেষ্টা জানিয়েছেন। তবে অন্যান্য বছরের মতো এবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে সপ্তাহব্যাপী সমরাস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হবেনা বলে তিনি জানান। এছাড়া বিজয় দিবসের দিনে বিভিন্ন জেলা ও উপজেলা সদরে ক্রিকেট টুর্নামেন্ট, নৌকা বাইচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান; ওইদিন বেলা ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মংলা, নারায়নগঞ্জ ও বরিশালে বিআইডব্লিউটিএ ঘাটে নৌ বাহিনীর জাহাজগুলো জন সাধারনের জন্য উন্মুক্ত রাখা; বিভিন্ন হাসপাতাল, জেলখানা, এতিমখানা, শিশু পরিবার ও ভবঘুরে কেন্দ্রে উন্নতমানের খাবার সরবরাহ করা; মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ বিভিন্ন উপাসনালয়ে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং ঢাকাসহ দেশের বিভিন্ন প্রধান শহরের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপগুলোকে পতাকা দিয়ে সজ্জিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। এসব অনুষ্ঠান আয়োজনের জন্য পাঁচটি সাংগঠনেক কমিটি গঠন করা হয়েছে বলেও স্বরাষ্ট্র উপদেষ্টা জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ এস এম নাসিরুদ্দিন সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/জিএনএ/১২৪৮ ঘ.