ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেলামাইনযুক্ত আট ব্রান্ডের গুঁড়ো দুধের বিক্রি বন্ধে আদালতের দেওয়া নির্দেশ 'অবমাননা'র অভিযোগ অস্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন।
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের তিনি একথা বলেন।
গত ২৩ অক্টোবর মেলামাইনযুক্ত আট ব্র্যান্ডের গুঁড়ো দুধের প্রদর্শনী ও বিক্রি বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু এসব গুঁড়োদুধ বিক্রি বন্ধে 'কার্যকর' ভূমিকা না নেওয়ায় বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব এবং পুলিশের মহা পরিদর্শকের বিরুদ্ধে সোমবার হাইকোর্টে একটি আদালত অবমাননার মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে তিনি আরো বলেন, "আমরা আদালত অবমাননা করিনি। বরং আদালতের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিয়েছি। তাই এ ধরনের অভিযোগ ভিত্তিহীন।"
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আমরা ইতোমধ্যেই নিষিদ্ধ ঘোষিত এসব গুঁড়ো দুধের বিক্রি বন্ধ ও আটকে জেলা ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি।"
সরকার কঠোরভাবে আদালতের নির্দেশ বাস্তবায়ন করবে বলেও তিনি জানান।
এ মুহুর্তে সরকার বড় ধরনের কোন দুর্নীতি বিরোধী অভিযান চালাবে কিনা জানতে চাইলে গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান এম এ মতিন বলেন, "এ মুহুর্তে আর কোন দুর্নীতি বিরোধী অভিযান চালানো হবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/জিএনএ/১১২৫ ঘ.
bdnews24