২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মহিউদ্দিনকে দায়িত্বপালন করতে দেওয়ার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে দায়িত্বপালন করতে দেওয়ার দাবিতে নগরীতে সোমবার বিকেলে মানববন্ধন করেছে চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2008, 04:59 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে দায়িত্বপালন করতে দেওয়ার দাবিতে নগরীতে সোমবার বিকেলে মানববন্ধন করেছে চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদ। প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচি শেষে প্রেসক্লাব মিলনায়তনে এক সভায় পরিষদ নেতারা অভিযোগ করেন, মহিউদ্দিন চৌধুরীকে মেয়রের দায়িত্বপালন না করতে দিয়ে সরকার বিমাতাসুলভ আচরণ করছে। তারা বলেন ঢাকা ও সিলেটের মেয়র জামিনে মুক্তি পেয়ে কর্পোরেশনের দায়িত্বপালন করতে পারলেও মহিউদ্দিন চৌধুরীকে তা করতে বাধা দেওয়া হচ্ছে। নির্বাচিত জনপ্রতিনিধিকে কোনো আইনেই দায়িত্বপালন করা থেকে বিরত রাখা যায় না। পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চবির সাবেক উপ উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ আলম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, খোরশেদ আলম সুজন, নারীনেত্রী নুরজাহান খান, অধ্যাপক ড. জ্যোতি প্রকাশ দত্ত, সাংবাদিক মোস্তাক আহমদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএনডি/এসকে/২২৫১ঘ.