ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রচুর বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় রেশমি। শনিবার থেকে সোমবার পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে ভারি থেকে অতিভারি বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রেশমি এখন ভারতের মেঘালয়ের ওপর অবস্থান করছে। এর প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি হচ্ছে।
সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টায় টাঙ্গাইলে সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া ময়মনসিংহে ৪৬, রাঙামাটিতে ৩৭, চট্টগ্রামে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের মুখ্য আবহাওয়াবিদ সুজিত কুমার দেব শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ৩টার পর থেকে ঘুর্ণিঝড়টি বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করে।
আবহাওয়া সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রেশমি দুর্বল হয়ে গেলেও সাগরে বায়ুচাপের তারতম্যের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারী বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারী ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কক্সবাজারে ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন খুলনায় ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ঘূর্ণিঝড়ে ভোলা, বরিশাল, শরীয়তপুর ও লক্ষীপুরে ছয়জনের মৃত্যু হয়েছে। ঘরচাপা পড়ে ভোলার চরফ্যাশন উপজেলায় দুই জন, বরিশালের মুলাদীতে এক জন এবং গাছ চাপায় শরীয়তপুরে একজন এবং লক্ষ্মীপুরে মেঘনার গেটপাড় এলাকায় নৌকা ডুবে একজন মারা গেছেন বলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/২০৫০ ঘ.
bdnews24