ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জোট সরকারের জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর বিরুদ্ধে ট্রাস্ট ব্যাংকের অর্থ পাচারের যে অভিযোগ এনেছেন তা তিনি তদন্তের জন্য রেজিস্ট্রি ডাক যোগে দুদকে পাঠিয়েছেন।
সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের কড়া সমালোচক মাহমুদুর রহমান সোমবার রাতে মিডিয়ায় পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ কথা জানান।
গত ২৫ অক্টোবর মাহমুদুর রহমান এ অভিযোগ এনে মামলা দায়ের করার চেষ্টা করে ব্যর্থ হন। আইনি জটিলতার যুক্তি দেখিয়ে পুলিশ তার মামলা নেয়নি। এবার তিনি খোদ দুদকেই তার অভিযোগ পাঠালেন।
ফ্যাক্স বার্তায় মাহমুদুর রহমান বলেন, "আমি নিম্ন স্বাক্ষরকারী ট্রাস্ট ব্যাংক লিমিডেটের সাবেক চেয়ারম্যান লে. জেনারেল হাসান মশহুদ চৌধুরীর বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ অধ্যাদেশ-২০০৮ এর ধারা ৪ ও ৮ এবং পেনাল কোডের ধারা ৪০৬, ৪০৮ ও ৪০৯ ও চৎবাবহঃরড়হ ড়ভ ঈড়ৎৎঁঢ়ঃরড়হ অপঃ. ১৯৪৭-এর ধারা ৫ (২)-এর অধীনে সংঘটিত অপরাধ তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন বরাবরে অভিযোগপত্রটি রেজিস্ট্রি ডাকযোগে প্রেরণ করেছি।"
অভিযোগপত্রের অনুলিপি দুদক চেয়ারম্যান ও মহাপরিচালক কর্নেল হানিফ ইকবালের কাছেও পাঠানো হয়েছে বলে সাবেক জ্বালানি উপদেষ্টা জানান।
মাহমুদুর রহমানের অভিযোগ, ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় হাসান মশহুদ চৌধুরী বৈদেশিক মুদ্রা লেনদেন খাতে লোকসান দেখিয়ে ব্যাংকের প্রায় ২২ কোটি ৪১ লাখ টাকা বিদেশে পাচার করেছেন।
ইতিমধ্যেই অর্থ পাচারের এ অভিযোগ অস্বীকার করে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।
রোববার কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হাসান মশহুদ বলেন, "আমি স্পষ্ট ও পরিস্কার ভাষায় বলতে চাই, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়।"
অবশ্য সম্মেলনে তিনি ট্রাস্ট ব্যাংকে 'আর্থিক ক্ষতির' ঘটনার কথা স্বীকার করেন। এজন্য দায়ী ব্যক্তিরা চিহ্নিত ও মামলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/২০১৬ঘ.
bdnews24