ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, রাজনৈতিক দলগুলো যাতে নির্বিঘ্নে নির্বাচনী কর্মকাণ্ড চালাতে পারে এবং ভোটাররাও যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন এজন্য পর্যায়ক্রমে জরুরি অবস্থা শিথিল করা হবে।
সোমবার কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেছেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ এর বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান সৈয়দ ফাহিম মুনয়েম।
প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনের বিষয়ে কমলেশ শর্মাকে অবহিত করে বলেছেন, "নির্বাচন কমিশন সর্ম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। এতে বাংলাদেশে গণতন্ত্রের ভিত আরো মজবুত হবে। নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছে।"
কমনওয়েলথ মহাসচিবকে প্রধান উপদেষ্টা আরো বলেন, জরুরি অবস্থার মধ্যে চারটি সিটি কর্পোরেশন ও কয়েকটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দেখা গেছে ভোট প্রয়োগের হার উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।
অন্যদিকে কমনওয়েলথ নির্বাচনী পর্যবেক্ষণ দল পাঠাবে উল্লেখ করে কমলেশ শর্মা বলেন, নির্বাচনের আগে তারা একটি 'অ্যাসেসমেন্ট টিম' পাঠাবেন।
প্রধান উপদেষ্টাকে কমনওয়েলথ মহাসচিব আরও বলেন, কমনওয়েলথভুক্ত যেসব দেশে স্বাধীন নির্বাচন কমিশন রয়েছে তাদের মধ্যে যাতে একটি জোট গঠন করা যায় সেব্যাপারে প্রস্তাব দেওয়া হবে। এতে দেশগুলো নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করতে পারবে বলে মন্তব্য করেন তিনি।
ফাহিম মুনয়েম জানান, কমলেশ শর্মা বর্তমান সরকারের সংস্কারমূলক কার্যক্রমকে 'মাইলস্টোন' হিসেবে আখ্যায়িত করে বলেন, পরবর্তী সরকার এর সুফল পাবে। এক্ষেত্রে তিনি স্বাধীন নির্বাচন কমিশন, ছবিসহ ভোটার তালিকা তৈরি, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, স্থানীয় সরকার কমিশন, তথ্য অধিকার আইন এবং ভোক্তা অধিকার আইন প্রণয়নের কথা উল্লেখ করেন।
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে একটি বৈঠক করে নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ দেবেন বলেও জানান কমনওয়েলথ মহাসচিব।
কমনওয়েলথ এর মহাসচিব নির্বাচিত হওয়ায় কমলেশ শর্মাকে অভিনন্দন জানান ফখরুদ্দীন আহমদ। তার মেয়াদকালে জোটটির কার্যক্রম আরো গতিশীল ও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এডি/এসকে/১৯০৭ঘ.
bdnews24