২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে দুদল গ্রামবাসীর সংঘর্ষে দুজন নিহত

জমির সেচ ব্যবস্থা দখল নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সোমবার সকালে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2008, 12:39 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

গোপালগঞ্জ, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমির সেচ ব্যবস্থা দখল নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সোমবার সকালে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। নিহতরা হলেন- মোশারফ হোসেন ওরফে মুসা (৩৩) ও রমজান মোল্লা (৫৫)। এদের বাড়ি উপজেলার নিজামকান্দি গ্রামে। মারাত্মক আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি। পুলিশ জানায়, আসন্ন বোরো মৌসুমে জমির সেচ ব্যবস্থা নিজেদের দখলে রাখাকে কেন্দ্র করে নিজামকান্দির বর্তমান ইউপি চেয়ারম্যান হাজী নওশের আলী ও সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান ওরফে মকু মাস্টারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। গত রোববার দুই চেয়ারম্যানের সমর্থক আওয়াল শেখ ও দুলাল মোল্লার মধ্যে গত রোববার বিকেলে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে সোমবার সকালে দুপক্ষের লোকজন ঢাল-সড়কি, লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় পুরো গ্রাম পরিণত হয় রণক্ষেত্রে। সড়কির আঘাতে ঘটনাস্থলে মোশারফ হোসেন ও রমজান মোল্লা নামের দুই গ্রামবাসী নিহত হন। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. আব্দুল কুদ্দুছ আমিন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরও গ্রামের পড়ায় পাড়ায় দুপুর পর্যন্ত দু'পক্ষের মধ্যে মৃদু সংঘর্ষ হয়েছে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে। একইসঙ্গে চলছে মামলার প্রস্তুতি। পুলিশ জানায়, গত ৩০ বছর ধরে দু'পক্ষের মধ্যে সামান্য ঘটনা নিয়ে বড় ধরনের সংঘর্ষ ঘটে আসছে। এ পর্যন্ত শতাধিক সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৮ ঘ.