ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনীতিতে সঙ্কটকালে তৈরি পোশাক রপ্তানি ও রপ্তানি চাহিদাপত্র (রপ্তানি অর্ডার) নেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের সাবধান করে দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ।
একইসঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্য ও জ্বালানি তেলের দাম কমে আসায় স্থানীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও কমবে। মূল্যস্ফীতিও ধীরে ধীরে সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে মনে করছেন গভর্নর।
মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে সোমবার এক সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, "আমাদের রপ্তানি আয়ের প্রধান খাত হচ্ছে তৈরি পোশাক। বিশ্ব অর্থনীতির সঙ্কটের কারণে এ খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে বিভিন্ন মহল থেকে আশঙ্কা করা হচ্ছে। এ মুহূর্তে এ খাতের রপ্তানিকারকদের পোশাক রপ্তানি (শিপমেন্ট) ও অর্ডার নেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। অনেক বায়ার (ক্রেতা) সুযোগ বুঝে বেশি বেশি অর্ডার দিতে পারে। পরে অর্থনৈতিক সঙ্কটের অজুহাত দেখিয়ে বিল পরিশোধ নাও করতে পারে।"
তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে জাহাজীকরণ হওয়ার দুই-তিন মাস পর রপ্তানিকারক দাম (বিল) পেয়ে থাকেন-জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, "এমনও হতে পারে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক বড় বড় বায়ার এখন যে পণ্য আমদানি করছে দুই-তিন মাস পর ব্যাংকের সঙ্কটের কথা বলে বিল পরিশোধে গড়িমসি বা তা পরিশোধ করতে একেবারেই অপরাগতা প্রকাশ করবে। ভবিষ্যতে অর্ডার দেওয়ার ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটতে পারে।"
বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ঝড়-ঝাপটার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি মোটামুটি স্থিতিশীল রয়েছে বলে দাবি করেন গভর্নর।
মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের মূল্যস্ফীতি ১০ শতাংশের সামান্য উপরে আছে। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে আগস্ট মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ০১ শতাংশে। অনেক দেশে এ হার ২০ শতাংশের বেশি। আর্ন্তজাতিক বাজারে সব ধরনের খাদ্যপণ্যের দাম কমেছে। জ্বালানি তেলের দামও বেশ কমেছে। স্থানীয় বাজারে এরইমধ্যে জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। সব মিলিয়ে আগামীতে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আমরা আশা করছি।"
ব্যাংক ঋণের সুদের হার কমিয়ে
bdnews24