রাজবাড়ী, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজবাড়ী সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে আলোচিত তিন খুনের মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আটজনকে। এদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুবছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শহিদুল্লাহ বকাউল এ রায় দেন।
দণ্ডিতদের মধ্যে চারজন ছাড়া বাকিদের উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মজিবর মোল্লা (৩৫), গণি মোল্লা (২৫) ও আব্দুল মান্নান খান (৪০)। এদের মধ্যে প্রথম দুজনের বাড়ি সদর উপজেলার গোবিন্দপুর এবং শেষজনের বাড়ি পাংশার মুরারীখোলা গ্রামে। মান্নান খান বর্তমানে পলাতক রয়েছেন।
যাবজ্জীবন দণ্ডিতরা হলেন- কালাম মোল্লা, মো. তালেব খাঁ, আব্দুল লতিফ মণ্ডল, ওমর আলী, বাবলু, মমিন, আকাই ও নেপাল। এদের মধ্যে মমিন, আকাই ও নেপাল পলাতক রয়েছেন।
মামলার অপর আট আসামির মধ্যে সাতজনকে বেকসুর খালাস এবং মারা যাওয়ায় একজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২০০৩ সালের ৪ জুন সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মাহবুব, হাবীব ও আব্দুল কুদ্দুস বাড়ি থেকে বেলগাছি রেলওয়ে স্টেশনে যাচ্ছিলেন। পূর্ব শত্র"তার জের ধরে একদল সন্ত্রাসী তাদের লক্ষ্য করে গুলি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলেই মারা যান মাহবুব এবং হাবীব। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কুদ্দুস মারা যান চার দিন পর।
এ ঘটনায় কুদ্দুসের বাবা রহমত আলী শেখ রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ১৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেছেন অ্যাডভোকেট লিয়াকত আলী খান। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এমএ খালেক ও হাবীব হেনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬১০ ঘ.
bdnews24